যুক্তরাষ্ট্র-কিউবা নিয়মিত ফ্লাইট বিষয়ে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার হোসে মার্তি এয়ারপোর্ট। শিগগিরই এই বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান দেখা যাবে
কিউবার হোসে মার্তি এয়ারপোর্ট। শিগগিরই এই বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান দেখা যাবে

যুক্তরাষ্ট্র ও কিউবা নিজেদের মধ্যে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করতে সমঝোতায় পৌঁছেছে। এ ব্যাপারে শিগগিরই ঘোষণা আসছে বলে জানিয়েছেন সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় থাকা দীর্ঘদিনের পরস্পর বৈরী দেশ দুটির কর্মকর্তারা। খবর বিবিসির।
ঠিক কবে থেকে বাণিজ্যিক ভিত্তিতে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে, তা এখনই স্পষ্ট নয়। কেননা, কিউবার সরকার ও মার্কিন বিমান পরিচালনা সংস্থাগুলোর মধ্যে এ বিষয়ে দর-কষাকষি চূড়ান্ত হতে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরুর ব্যাপারে দুই দেশের মধ্যে অগ্রগতি হচ্ছে, তবে তা এখনো সমঝোতার পর্যায়ে রয়েছে।
শীতল যুদ্ধকালীন সাবেক শত্রু এই দুই দেশের মধ্যে দীর্ঘ ৫৪ বছর পর এ বছর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় নিয়মিত ফ্লাইট শুরুর এ উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কিউবার নাগরিকদের মধ্যে চলতি বছর দুই দেশে ভ্রমণের হার বেড়েছে আনুমানিক ৫০ শতাংশ। বর্তমানে হাজারো মার্কিন পর্যটক কিউবা সফরে রয়েছেন। আগামী কয়েক মাসের জন্য বুকিং হয়ে আছে সেখানকার হোটেল-মোটেলগুলো। এ রকম সময়ে এ সমঝোতার খবর বেরোল।