যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে আবার উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে এক অভিযানকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে পুরোনো উত্তেজনা গত বুধবার আবার ফিরে এসেছে। দুই সপ্তাহ আগে সম্পর্ক স্বাভাবিক করার ঐতিহাসিক ঘোষণা দেওয়ার পর দুই দেশের মধ্যে এটিই প্রথম কূটনৈতিক বিরোধ। খবর এএফপি ও রয়টার্সের।
কিউবায় ৫১ জন ভিন্নমতাবলম্বীকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের ঘটনার প্রতিক্রিয়ায় মানবাধিকারের প্রতি কিউবার ‘সম্মানের ঘাটতি’ রয়েছে এ মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নাগরিক সমাজের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের গ্রেপ্তার এবং আটকে রাখার সর্বশেষ ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
কিউবার নিষিদ্ধঘোষিত মানবাধিকার সংগঠন কিউবান হিউম্যান রাইটস অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিটির প্রধান এলিজার্দো সানচেস অভিযোগ করেন, দেশের নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়া ঠেকাতে ওই ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়। তবে ১০ থেকে ১২ জনকে রাত পর্যন্ত আটকে রাখা হয়।
অনুমোদন ছাড়াই কিউবার রাজধানী হাভানার রেভল্যুশন স্কয়ারের বাইরে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল বলে কর্তৃপক্ষ অভিযোগ করছে।
ভিন্নমতাবলম্বীদের সমাবেশের আয়োজকদের মধ্যে ছিলেন শিল্পী তানিয়া ব্রুগেরা। তাঁকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার এক ঘণ্টার মধ্যে পুলিশ আবারও আড়াই ঘণ্টার জন্য আটক করে। এ ঘটনার ব্যাপারে কিউবার একজন সরকারি কর্মকর্তার মতামত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আয়োজকেরা বলেন, কমিউনিস্ট সরকারের পরমতসহিষ্ণুতা যাচাই করার জন্যই ওই সমাবেশ আহ্বান করা হয়েছিল।
গ্রেপ্তার ও আটকের ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা সত্ত্বেও আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো মেনে চলার জন্য কিউবা সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা অনুযায়ী কিউবা ৫৩ জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়। কিন্তু ওয়াশিংটন বলছে, ওই রাজবন্দীদের এখনো মুক্তি দেওয়া হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দুই সপ্তাহ আগে কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করার ঘোষণা দেন। দুটি দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ যুগের বৈরী সম্পর্ক দীর্ঘ পাঁচ দশক ধরে বহাল ছিল।