রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় গ্রেপ্তার হওয়া বিরোধীদলীয় দুজন শীর্ষ নেতার নিরাপত্তার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ‘ব্যক্তিগতভাবে দায়ী’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি মাদুরোকে হুঁশিয়ারি দিয়ে ভেনেজুয়েলার সব রাজনৈতিক বন্দীকে শিগগিরই নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে দেশটিতে গৃহবন্দী থাকা বিরোধী নেতা লিওপল্ডো লোপেজ ও অ্যান্তনিও লিডেজমাকে গত মঙ্গলবার সামরিক কারাগারে নেওয়া হয়।

ভেনেজুয়েলায় একটি নতুন ও সর্বময় ক্ষমতাধর ‘গণপরিষদ’ গঠনের লক্ষ্যে গত রোববারের বিতর্কিত নির্বাচনের পরদিন সোমবার গোয়েন্দা বিভাগ শীর্ষ দুই বিরোধী নেতাকে গ্রেপ্তার করে। একই দিন যুক্তরাষ্ট্র মাদুরোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাঁকে ‘একনায়ক’ আখ্যা দেয়। এরপর মঙ্গলবার এই দুই নেতাকে কারাগারে নেওয়া হয়। প্রসঙ্গত, বিরোধীদের বয়কটের মধ্যেই অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতায় নিহত হয় কমপক্ষে ১০ জন।

বিরোধী দুই নেতাকে নিয়ে যাওয়া হয় রামো ভেরদে সামরিক কারাগারে। রয়টার্সের খবরে বলা হয়, ভেনেজুয়েলার ‘সরকারপন্থী’ সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছেন, বিরোধী নেতা লিওপল্ডো লোপেজ ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যান্তনিও লিডেজমাকে কারাগারে পোরার কথা। প্রসঙ্গত, দেশটির সুপ্রিম কোর্টের কর্তৃত্ব সরকারের অনুগতদের হাতে বলে সমালোচনা রয়েছে।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়, এই দুই বিরোধী নেতা বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে গোয়েন্দা সূত্রের কাছে খবর রয়েছে। এ ছাড়া তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলে এবং রাজনৈতিক বিবৃতি দিয়ে গৃহবন্দীর শর্তাবলি ভেঙেছেন, যে কারণে তাঁদের গৃহবন্দীর আদেশ বাতিল করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে দায়ী করে বলে, লিওপল্ডো লোপেজ ও অ্যান্তনিও লিডেজমা এবং গ্রেপ্তার হওয়া অন্য বিরোধী নেতাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন নিকোলাস মাদুরো। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, গৃহবন্দী থাকা বিরোধী নেতাদের পুনরায় গ্রেপ্তার করা ‘অত্যন্ত ত্রাসজনক’।

ভেনেজুয়েলায় ২০১৪ সালে দানা বাঁধা সরকারবিরোধী বিক্ষোভের জন্য লোপেজ ও লিডেজমা অন্যতম বলে মনে করা হয়। যদিও সাম্প্রতিক বিক্ষোভের সময় তাঁরা গৃহবন্দী থাকায় তাঁদের ভূমিকা অতটা জোরালো ছিল না। তা সত্ত্বেও এই দুই বিরোধী নেতার ভিডিওবার্তা বিরোধীদের ওয়েবসাইটগুলোতে ব্যাপক মাত্রায় শেয়ার হতে দেখা যায়।

এদিকে নতুন গণপরিষদের বিরুদ্ধে বিরোধীদের ডাকে ভেনেজুয়েলায় আজ বৃহস্পতিবার ক্ষোভ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো এল পেজ ‘প্রেসিডেন্টের জন্য সেনাবাহিনীর শর্তহীন সহযোগিতার’ কথা পুনর্ব্যক্ত করেছেন।

যুক্তরাজ্য জানিয়েছে, ভেনেজুয়েলায় বিশেষ প্রয়োজন ছাড়া সব ধরনের সফর বন্ধ রাখা হবে। আরও জানানো হয়, ১ আগস্ট থেকে ভেনেজুয়েলায় অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসের সব কর্মীকে প্রত্যাহার করে নেওয়ার কথা। উদ্ভূত প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেন, রাজনৈতিক উত্তেজনা বাড়ার ফলে সংকটের শান্তিপূর্ণ একটা সমাধান বের করা কঠিন হয়ে যাবে।