রুসেফকে ঠেকাতে নেভসকে সমর্থন দিচ্ছেন সিলভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান তিন প্রতিদ্বন্দ্বীর কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জনসমর্থন না পাওয়ায় ২৬ অক্টোবর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী সোশ্যালিস্ট পার্টির প্রার্থী পরিবেশবাদী মারিনা সিলভা এখন সোশ্যাল ডেমোক্রেসি পার্টির (পিএসডিবি) নেতা এসিও নেভসকে সমর্থন দেওয়ার কথা ভাবছেন। খবর এএফপির।
১২ বছর ধরে টানা ক্ষমতায় আছে দিলমা রুসেফের দল ওয়ার্কার্স পার্টি (পিটি)। এবার তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী মারিনা সিলভা। তিনি মঙ্গলবার বলেন, ‘রোববারের নির্বাচনে ব্রাজিলের বর্তমান অসন্তোষজনক অবস্থার প্রতিফলন হয়েছে। তাই মানুষ নতুন নেতৃত্ব চায়।’ তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতায় কে আসবে, সে ব্যাপারে মিত্ররা একটি স্বাধীন সিদ্ধান্ত নেবে।
তাঁর এ কথায় সমর্থন জানিয়ে এসিও নেভস বলেন, দিলমা রুসেফ তাঁর গ্রহণযোগ্যতা হারিয়েছেন।
রোববারের নির্বাচনে দিলমা রুসেফ ৪২ শতাংশ, এসিও নেভস ৩৪ শতাংশ এবং মারিনা সিলভা ২১ শতাংশ ভোট পান।