রুসেফের ওপর চাপ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে সরাতে অভিশংসন করার পক্ষে ভোট দেবে ক্ষমতাসীন জোটের সাবেক দুই অংশীদার। গত মঙ্গলবার জোট ছাড়া প্রগ্রেসিভ পার্টি (পিপি) জানিয়েছে, তাদের ৪৭ জন আইনপ্রণেতার বেশির ভাগই প্রেসিডেন্ট রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দেবেন। আর রিপাবলিকান পার্টিও (পিআরবি) এর ২২ জন আইনপ্রণেতার অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আইনসভার সংশ্লিষ্ট কমিটি অনিয়মের অভিযোগে অভিশংসনের পক্ষে রায় দেওয়ার পর নতুন এ চাপের মুখে পড়লেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট। এর কয়েক সপ্তাহ আগেই দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে সবচেয়ে বড় দল পিএমডিবি রুসেফের নেতৃত্বাধীন জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।
দুই বছর আগে পুনর্নির্বাচিত হওয়ার সময় দেশের আর্থিক দুরবস্থা ঢাকতে পরিসংখ্যানে কারচুপির আশ্রয় নেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট রুসেফ আগামী রোববার পার্লামেন্টে অভিশংসনের মুখোমুখি হবেন। একে বিরোধীদের ‘অভ্যুত্থানের’ প্রচেষ্টা হিসেবে অভিহিত করছেন প্রেসিডেন্ট ও তাঁর সমর্থকেরা। গত মঙ্গলবার রুসেফ বলেন, এ ষড়যন্ত্রের হোতা হলেন ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমের। উল্লেখ্য, রুসেফ অপসারিত হলে তাঁর পদে বসতে পারেন ভাইস প্রেসিডেন্ট তেমের।
পিপি দলের এক মুখপাত্র গত মঙ্গলবার বলেন, দলে সংখ্যাধিক্যের সিদ্ধান্তে জোট থেকে সরে যাওয়ার বিষয়টি ঠিক হয়। এর কয়েক ঘণ্টার পরই পিআরবির নেতারা নিশ্চিত করেন, এর সদস্যদের প্রেসিডেন্ট রুসেফের সম্ভাব্য অপসারণের পক্ষে ভোট দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
গত সোমবার প্রেসিডেন্ট রুসেফকে অভিশংসনের পক্ষে প্রতীকী এক ভোটে মত দেয় কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি। এখন অভিশংসনের প্রস্তাবটি অনুমোদনের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৩৪২ জন আইনপ্রণেতার সমর্থন লাগবে। সেখানে অনুমোদনের পর উচ্চকক্ষ সিনেটেও দুই-তৃতীয়াংশ সমর্থন পেলে ১৮০ দিনের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে দিলমা রুসেফকে।
পিপির ঘোষণা আসার আগে সবশেষ এক জরিপে দেখা যায়, ৩০০ জন আইনপ্রণেতা প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে, ১২৫ জন বিপক্ষে এবং বাকি ৮৮ জন তখনো সিদ্ধান্ত নেননি বা জানাননি। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্টের অভিশংসন ইস্যুতে আগামীকাল শুক্রবার আইনপ্রণেতারা পার্লামেন্টে বিতর্ক শুরু করবেন। রোববার স্থানীয় সময় বেলা দুইটায় পার্লামেন্টের নিম্নকক্ষে শুরু হবে ভোটাভুটি। ফল জানা যাবে ওই দিন সন্ধ্যাতেই।