রুসেফের দলের বিপর্যয়ের আশঙ্কা
ব্রাজিলে গতকাল রোববার স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। বিভিন্ন নগরের মেয়র ও কাউন্সিলর নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফের বামপন্থী রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি বড় ধরনের ভরাডুবির আশঙ্কা করছে।
৫ হাজার ৫৬৮টি পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনকে ব্রাজিলের রাজনৈতিক দলগুলোর জন্য এক বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ব্রাজিল এখন ১৯৩০ -এর দশকের পর থেকে দুর্নীতির কেলেঙ্কারি এবং অর্থনৈতিক মন্দা নিয়ে সবচেয়ে খারাপ সময় পার করছে। মধ্যপন্থী দলগুলোর জোট এ নির্বাচনে ভালো ফলের আশা করছে। তাদের সমর্থনেই প্রেসিডেন্ট মিশেল টেমার গত আগস্টে দিলমা রুসেফকে সরিয়ে ক্ষমতা নিয়েছেন। এবারের পৌর নির্বাচনে ব্রাজিলের বড় শহরগুলোতে যারা জয় পাবে, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে তারা অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ক্লদিও কুতো বলেন, ‘ওয়ার্কার্স পার্টির এখন প্রেসিডেন্ট প্রার্থী করার উপযোগী কোনো বিকল্প নেতা নেই। তাই তাদের বড় ধরনের বিপর্যয় হতে পারে।’