রুসেফের 'চিফ অব স্টাফ' লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ তাঁর পূর্বসূরি লুলা দা সিলভাকে নতুন ‘চিফ অব স্টাফ’ হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এই পদক্ষেপের কারণে ব্যাপক দুর্নীতির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত থেকে রক্ষা পেতে পারেন লুলা।
দুর্নীতির অভিযোগে ফেডারেল জজ ‘অপারেশন কার ওয়াশ’ শীর্ষক একটি অভিযান পরিচালনা করছেন। ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া এর আওতাভুক্ত। লুলার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে।
লুলার নিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাজিলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।
রুসেফের ভাষ্য, এই নিয়োগের উদ্দেশ্য লুলাকে বিচার থেকে রক্ষা করা নয়, লুলার আগমন তাঁর সরকারকে শক্তিশালী করেছে। কিছু মানুষ আছে, যারা তা চায় না।
অর্থ পাচারের অভিযোগে সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট লুলাকে অল্প সময়ের জন্য আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন লুলা।