লাতিন আমেরিকায়ও প্রভাব বিস্তারে পুতিন
প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন উত্তেজনায় টগবগ করছে। কিন্তু এর মাঝেই হাজার মাইল দূরে লাতিন আমেরিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রভাব বিস্তারের চেষ্টায় ব্যস্ত। দীর্ঘদিন পর সম্প্রতি নিকারাগুয়ার শক্তিমান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সঙ্গে কথা বলেছেন পুতিন। ২০১৪ সালের পর দুই প্রেসিডেন্টের এটাই প্রথম আলাপ। এ ছাড়া পুতিন ভেনেজুয়েলা ও কিউবার নেতাদের সঙ্গেও ফোনালাপ করেছেন। সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ মস্কো ঘুরে গেছেন। ক্রেমলিন সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ফেলার প্রতিশ্রুতির কথাও শুনিয়ে গেছেন।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করে বসতে পারে রাশিয়া। এর আশঙ্কার মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে বৈঠকে বসছেন পুতিন। মার্কিন কর্মকর্তাদের দেওয়া বার্তা উপেক্ষা করেই বলসোনারো মস্কোতে ছুটে এসেছেন। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতাসহ আরও একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী তিনি। রাশিয়ার সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে যেসব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা যায় এমন বেশ কিছু ক্ষেত্র নিয়ে কাজ করতে চান তিনি। রাশিয়ার সংবাদমাধ্যম তাস-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
নিউইয়র্ক টাইমস বলছে, বলসোনারো এমন এক সময়ে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করলেন, যখন ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে বলসোনারোকে রাশিয়া সফর স্থগিত করতে বলেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, পুতিন তাঁর শাসনামলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও এ সময় লাতিন আমেরিকায় তাঁর ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার হয়েছে। এটি তাঁর বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। এত দিন যা ওয়াশিংটন ঘেঁষা রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল সেই ব্রাজিল ও আর্জেন্টিনাকেও তিনি কাছে টানতে শুরু করেছেন।
পুতিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছ থেকে পূর্ব ইউরোপীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চয়তা না পেলে অনির্দিষ্ট সামরিক-প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন। এরপর থেকেই বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের কাজ শুরু করেছে মস্কো। ক্রেমলিনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, পশ্চিম গোলার্ধে সামরিক সেনা মোতায়েনের মতো পথেও তাঁরা হাঁটতে পারেন। দেশটির বিশ্লেষক এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে নানা জল্পনা–কল্পনায় রয়েছে যে রাশিয়ার নানা সাহসী পদক্ষেপ নিতে পারে। রাশিয়ার কর্মকর্তা বলছেন, এর মধ্যে লাতিন আমেরিকার মিত্রদেশগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের মতো বিষয়টিও রয়েছে।
তবে পুতিনের সত্যিকারের উদ্দেশ্য বোঝা কঠিন। লাতিন আমেরিকায় তাঁর প্রভাব বিস্তারের ঘটনা ছদ্মবেশী কোনো আচরণ হতে পারে। ইউক্রেনে তাঁর হুমকির প্রতি পশ্চিমের প্রতিক্রিয়াকে জটিল করার একটি উপায়ও হতে পারে এটি। একই সময়ে লাতিন আমেরিকার নেতাদের নিজস্ব রাজনৈতিক অ্যাজেন্ডাও থাকতে পারে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির জন্য পুতিনকে ব্যবহার করতে পারে তারা। এ ছাড়া চীনের সঙ্গে সামগ্রিকভাবে এই অঞ্চলে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে তারা।
বিশ্লেষকেরা মনে করছেন, অদূর ভবিষ্যতে লাতিন আমেরিকা থেকে রাশিয়ার গুরুত্বপূর্ণ সহায়তা হবে কূটনৈতিক সমর্থন।
তবে সম্প্রতি লাতিন আমেরিকার কূটনীতি মনে করিয়ে দিচ্ছে যে পুতিন তাঁর একটি বৃহত্তর লক্ষ্য নিয়ে পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দিচ্ছেন। রাশিয়াকে আবার পরাশক্তির কাতারে ফিরিয়ে আনতে চাইছেন, যাতে সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে পারেন তিনি।
রাশিয়া ও লাতিন আমেরিকার সম্পর্ক নিয়ে গবেষণা করা কলম্বিয়ার আইসেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্লাদিমির রুভিনস্কি বলেছেন, ‘ভ্লাদিমির পুতিন লাতিন আমেরিকাকে এখনো যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে দেখেন। সুতরাং ইউক্রেনে যা ঘটছে তার ক্রিয়া-প্রতিক্রিয়ার অংশ এটি।’
লাতিন আমেরিকায় পুতিনের প্রভাব ছড়ানোর কাজটি কয়েক বছর ধরে চলছে। তিনি সোভিয়েত যুগের বন্ধন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্থানীয় অসন্তোষ এবং বিশেষ নেতাদের ইচ্ছার সুবিধা নিতে সক্ষম হয়েছেন। করোনা মহামারির সময় ধনী দেশগুলো যখন টিকা মজুত করা নিয়ে ব্যস্ত, তখন ক্রেমলিন সে সুযোগ কাজে লাগিয়েছে। লাতিন আমেরিকার পাঁচটি দেশ আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়া ও প্যারাগুয়েতে রাশিয়া তাদের স্পুতনিক ভি টিকাটি সবার আগে পৌঁছে দিয়েছে।
গত মাসে ক্রেমলিনে পুতিনকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘সারা পৃথিবী যখন মুখ ফিরিয়ে ছিল, তখন আপনি সেখানে ছিলেন।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘লাতিন আমেরিকা আমাদের জন্য রাজনৈতিক সদিচ্ছা, অর্থনৈতিক সুযোগ, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা এবং একই ধরনের মানসিকতার একটি অঞ্চল ছিল এবং থাকবে।’
মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়া কখনোই এই অঞ্চলে উপনিবেশ স্থাপন এবং এ অঞ্চলে বসবাসকারী জনগণকে শোষণ, সংঘাত, যুদ্ধ বা শক্তি প্রয়োগে অংশ নেয়নি।
তবে রাশিয়ার প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং চীন এই অঞ্চলে অনেক বড় অর্থনৈতিক সম্পর্ক তৈরি করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে রাশিয়ার কাছে দক্ষিণ আমেরিকার রপ্তানি ছিল মাত্র ৫ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রে ছিল ৬৬ বিলিয়ন ও চীনে ছিল ১১৯ বিলিয়ন মার্কিন ডলার।
রাশিয়ান শীর্ষ সম্মেলন তাঁর প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ এবং তিনি এর মধ্যে ইউক্রেনকে টানবেন না।
চীনের প্রভাব, বিশেষ করে লাতিন আমেরিকাজুড়ে তার অবকাঠামো প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার অর্থায়ন বেড়েছে। চীন কলম্বিয়ায় এলিভেটেড মেট্রোর পাশাপাশি আর্জেন্টিনায় মহাকাশ কেন্দ্র তৈরির কাজ করছে। এই অর্থনৈতিক সুবিধা লাতিন অঞ্চলে চীনের কূটনৈতিক শক্তিকে যুক্তরাষ্ট্রের সমানে ধরে রাখতে সক্ষম হয়েছে।
এই অঞ্চলে রাশিয়ার বিশেষত্ব হলো বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশগুলোর রাজনৈতিক সমর্থন জোরদার করা। পুতিন ভেনেজুয়েলা, কিউবা এবং নিকারাগুয়ার কর্তৃত্ববাদী নেতাদের জন্য কূটনৈতিক জীবনরেখা হিসেবে কাজ করছেন। এদিকে চীনের সমালোচক ও বাইডেনের ক্ষমতায় আসা নিয়ে প্রশ্ন তোলা ট্রাম্পের মিত্র জইর বলসোনারোকে অন্য দেশ যখন গোনায় ধরেনি, তখন পুতিন তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
ট্রাম্পের শাসনামলে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র দুটি দেশ খুব কাছাকাছি এসেছিল। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি বলসোনারোর সঙ্গে উষ্ণ সম্পর্ক রাখেননি। বলসোনারোও বাইডেনের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি। এমনকি তিনি নিজের দেশের আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাও চালাচ্ছেন।
দুজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করে নিউইয়র্ক টাইমসকে বলসোনারো বলেছেন, মার্কিন কর্মকর্তাদের কাছে ওয়াশিংটনে আমন্ত্রণ পাওয়ার জন্য তিনি আলোচনা করেছিলেন। এমনকি নতুন প্রেসিডেন্টের কাছ থেকে একটা ফোনকল প্রত্যাশা করেছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে সাড়া না পেলে তিনি বিশ্বের অন্য শক্তিশালী দেশের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন।
আর পুতিন ওই সময়টাকেই বলসোনারোকে কাছে টানেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই প্রেসিডেন্ট বাণিজ্যের সম্ভাব্য সম্প্রসারণ এবং বিজ্ঞান ও নিরাপত্তাসংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা করেন।
এরপর গত ডিসেম্বর পর্যন্ত বাইডেনের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এবং পূর্ব ইউরোপ নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকায় পুতিনের মস্কো সফরের আমন্ত্রণ গ্রহণ করেন বলসোনারো। এতে নাখোশ হয় হোয়াইট হাউস। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা দুই দফা বলসোনারোর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের উদ্বেগের কথা জানান। তাঁরা বলেন, ইউক্রেন নিয়ে দর-কষাকষির এই সময়ে বলসোনারোর মস্কো সফর উপযুক্ত সময় নয়।
বাইডেন ও বলসোনারোর মধ্যে যোগাযোগের ঘাটতি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যোগাযোগের প্রসঙ্গ তোলেন। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বলসোনারো ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেছেন, রাশিয়ান শীর্ষ সম্মেলন তাঁর প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ এবং তিনি এর মধ্যে ইউক্রেনকে টানবেন না। এক বিবৃতিতে তাঁর সরকার বলেছে, বর্তমান ব্রাজিল ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে নিয়মিত আলোচনা গুরুত্বপূর্ণ।
তবে এই মুহূর্তে বলসোনারোর মস্কো সফর নিয়ে তাঁর মিত্ররাও সমালোচনা করছেন। গত বছর পর্যন্ত বলসোনারোর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আর্নেস্তো আরাউজো বলেন, ‘আমি মনে করি এটা নানা দিক থেকেই ভুল। অন্য দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে। তবে আসন্ন সংকটের মুখে এটা ঠিক হচ্ছে না।’
পুতিন যে সবচেয়ে উত্তেজক পদক্ষেপ নিতে পারেন, তা হবে এই অঞ্চলে সামরিক সহায়তা প্রদান বা অস্ত্র মোতায়েন করা। জানুয়ারির মাঝামাঝি সময়ে রাশিয়া ভেনেজুয়েলা বা কিউবায় সামরিক অবকাঠামো স্থাপন করতে পারে এমন সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে রাশিয়ান উপপররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি কিছুই উড়িয়ে দিচ্ছেন না। পরের কয়েক দিনের মধ্যেই পুতিন ভেনেজুয়েলা, কিউবা ও নিকারাগুয়ার নেতাদের সঙ্গে আলোচনা করেন। ক্রেমলিন বলেছে, এটি রাশিয়ার সঙ্গে দেশগুলোর কৌশলগত অংশীদারত্ব নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য লাতিন আমেরিকায় রাশিয়ান অস্ত্র মোতায়েনের আলোচনাকে তর্জন-গর্জন বলে উড়িয়ে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘যদি আমরা লাতিন আমেরিকায় কোনো নড়াচড়া দেখি, আমরা দ্রুত এবং উপযুক্ত প্রতিক্রিয়া জানাব।’
লাতিন আমেরিকার বিশ্লেষকেরা ওই অঞ্চলে রাশিয়ার অস্ত্র মোতায়েন নিয়ে সন্দিহান। তাঁরা মনে করছেন, এতে ওই অঞ্চলে রাশিয়ার সুনাম নষ্ট হবে। তবে এখন পর্যন্ত রাশিয়া লাতিন আমেরিকায় তার ঘনিষ্ঠ মিত্রদের সশস্ত্র করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। কিউবা ও নিকারাগুয়ায় অস্ত্র ও ট্যাংক বিক্রি করেছে মস্কো। এ ছাড়া ভেনেজুয়েলার কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ও যুদ্ধজাহাজ বিক্রি করেছে।
ভেনেজুয়েলার সঙ্গে যৌথ সামরিক মহড়াও করেছে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, রাশিয়া ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে সাহায্য করছে। এ ছাড়া গত মে মাসে কলম্বিয়ার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, অদূর ভবিষ্যতে লাতিন আমেরিকা থেকে রাশিয়ার গুরুত্বপূর্ণ সহায়তা হবে কূটনৈতিক সমর্থন।
নিউইয়র্ক টাইমস, তাস ও রয়টার্স অবলম্বনে মো. মিন্টু হোসেন