লাতিন আমেরিকায় বন্যা, পাঁচজনের মৃত্যু
সারা বিশ্বে আজ শুক্রবার যখন উৎসবমুখর পরিবেশে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করা হচ্ছে, এ সময় লাতিন আমেরিকার কয়েকটি দেশ বন্যায় ভাসছে।
বন্যার কারণে প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রায় এক লাখ ৫০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মারা গেছে পাঁচজন।
এএফপির খবরে আজ শুক্রবার জানানো হয়, তিনটি দেশের মধ্যে প্যারাগুয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে চারজন মারা গেছে। সেখানে লক্ষাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর্জেন্টিনায় একজন মারা গেছে।
প্যারাগুয়েতে প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস জরুরি অবস্থা জারি করেছেন। দেশটির কর্মকর্তারা বলছেন, এক লাখ ৩০ হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে ৩৫ লাখ ডলার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
প্যারাগুয়ের আন্তর্জাতিক রুট ২ (যা রাজধানী আসুনসিয়ন ও ব্রাজিলের ফজ ডি ইগাজু এলাকাকে সংযোগ করেছে) দিয়ে ব্রাজিলে যাওয়ার সময় একটি গাড়িতে গাছ উপড়ে পড়ায় তিনজন নিহত হয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়, মোটরসাইকেলে যাওয়ার সময় গতকাল বৃহস্পতিবার রাতে প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে গাছ উপড়ে পড়ে এক নারী মারা গেছে।
প্যারাগুয়ের ন্যাশনাল ইমার্জেন্সি সেক্রেটারিয়েটের (এসইএন) প্রধান ডেভিড অ্যারেলানো বলেছেন, প্যারাগুয়ে নদী থেকে ভেসে আসা বন্যার পানির কারণে হুমকির মুখে পড়া কয়েকটি পরিবারকে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ানের এক লাখ ২৫ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ও সারা দেশের ১৭টি কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।