লিমায় উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরুর রাজধানী লিমায় চলা জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। আগামী বছর প্যারিসে অনুষ্ঠেয় সম্মেলনে জলবায়ু বিষয়ে যে চুক্তি হবে, সেখানে অর্থায়ন ও অভিযোজনের বিষয়টি যুক্ত থাকবে কি না তা নিয়েই এই বিভক্তি। খবর রয়টার্স ও ইউএনইপির।
লিমা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে তাদের করণীয় সম্পর্কে প্রতিশ্রুতি দেবে। এসব যুক্ত হবে প্যারিস চুক্তিতে। উন্নয়নশীল দেশগুলো চাইছে অর্থায়ন ও অভিযোজন খাতে ধনী দেশগুলোর করণীয় বিষয় চুক্তিতে উল্লেখ থাক। তবে উন্নত দেশগুলো এতে বাগড়া দিয়েছে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) বলেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সঙ্গে খাপ খাইয়ে নিতে অভিযোজন খাতে উন্নয়নশীল দেশগুলোর ২০৫০ সাল নাগাদ প্রতিবছর প্রয়োজন হবে ৭ থেকে ১০ হাজার কোটি ডলার। আগে এই খাতে যে পরিমাণ অর্থ লাগবে বলে মনে করা হয়েছিল, এই অর্থ তার চেয়ে তিন গুণ বেশি।
এর পরও চুক্তিতে অভিযোজন বা অর্থায়নের বিষয়টি উল্লেখ না করার পক্ষপাতী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপান। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য ক্ষতির প্রশমনের বিষয়টিই কেবল থাকা দরকার। বৈশ্বিক উষ্ণায়নের পরিমাণ কমিয়ে আনার মধ্যেই প্রশমনের বিষয়টি সীমাবদ্ধ।
লিমা সম্মেলনে ইউরোপীয় কমিশন দলের প্রধান এলিনা বারড্রাম বলেন, ‘চুক্তিতে বিভিন্ন দেশের দেওয়া প্রতিশ্রুতি প্রভাব প্রশমনের মধ্যে থাকাটাই সমীচীন বলে মনে করে ইইউ। একে বাড়িয়ে অভিযোজন বা অর্থায়নের দিকে না নিয়ে যাওয়াই শ্রেয়।’
তবে লিমা সম্মেলনে উপস্থিত উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। নিকারাগুয়ার টেকসই উন্নয়নবিষয়ক সংগঠন সেন্ট্রো হামবোল্টের তানিয়া গুইলাউন বলেন, খসড়া চুক্তিতে যদি অভিযোজনের বিষয়টি না উল্লেখ থাকে, তবে প্যারিস চুক্তির প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।
চিন্তায় নেই তেল কোম্পানিগুলো: বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য প্রধানত দায়ী তেল, গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার। গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড এক গবেষণায় বলেছে, জলবায়ু পরিবর্তন নিয়ে বড় চুক্তি হলে প্রভাবশালী তেল-গ্যাস কোম্পানিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে লিমা সম্মেলনে উপস্থিত তেল কোম্পানি শেভরনের পরামর্শক আর্থার লি বলেন, ‘জলবায়ু নিয়ে যে চুক্তিই হোক, তা নিয়ে আমরা চিন্তিত নই।’
ইতালিভিত্তিক তেল কোম্পানি এনির রেনাটা দ্য ফিলিপোর মন্তব্য, জীবাশ্ম জ্বালানির ব্যবহার আগামী কয়েক দশকে কমবে না। অর্থনীতির গতিশীলতা আনতে কার্যকর ভূমিকাও পালন করবে।
ভারত চুক্তি করবে না: অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়তে পারে—এই যুক্তিতে ভারত লিমার জলবায়ু সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে কোনো চুক্তিতে সই করবে না। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাবেদেকর পেরুর সম্মেলনে রওনা হওয়ার আগে দিল্লিতে এই কথা বলেন। উল্লেখ্য, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ।