লড়াই হবে হাড্ডাহাড্ডি কিছুটা এগিয়ে রুসেফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঠতি অর্থনৈতিক পরাশক্তি ব্রাজিলে আগামী রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও বিরোধী প্রার্থী মারিনা সিলভা এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। জনমত জরিপ বলছে, লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে শেষ দিকে এসে কিছুটা এগিয়ে আছেন রুসেফ। খবর রয়টার্স ও সিএনএনের।
ডেটাফোলহা নামের একটি জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, নির্বাচনে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফ ৪৭ শতাংশ ভোট পেতে পারেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিলভা পেতে পারেন ৪৩ শতাংশ। তবে সেটা হলে নিয়ম অনুযায়ী আগামী ২৬ অক্টোবর দ্বিতীয় দফায় ভোট হবে।
পরিবেশবাদী আন্দোলনের নেত্রী মারিনা সিলভা হঠাৎ করেই গত মাসে এই নির্বাচনী দৌড়ে নাম লেখান। সোশ্যালিস্ট পার্টির নেতা এদুয়ার্দো কাম্পোস গত ১৩ আগস্ট এক বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর সামনে এগিয়ে আসতে হয় তাঁকে। দ্রুততার সঙ্গেই তিনি রুসেফের বিরুদ্ধে ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে যান। তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছেন রুসেফ।
সিলভা গত বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ‘পরবর্তী ধাপের দিকে এগোতে প্রস্তুত।’ এতে তিনি তাঁর বেড়ে ওঠার নাটকীয় বর্ণনা দেন। সিলভা বলেন, ‘১৬ বছর বয়স পর্যন্ত আমি নিরক্ষর ছিলাম, পাঁচবার ম্যালেরিয়া এবং বেশ কয়েকবার হেপাটাইটিসে ভুগেছি।...দাসত্বের জীবন কাটিয়েছি। মাকে হারিয়েছি সেই ১৪ বছর বয়সে।...তবে অতীতকে সঙ্গে নিয়েই ভালো, ফলদায়ক ও সৃজনশীল কিছু করার চেষ্টা করে গেছি।’