শান্তিপ্রক্রিয়া বেঁচে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে তিন লাখের বেশি মানুষ খুব হতাশ। কেন? সিরিয়া সিভিল ডিফেন্স ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কার পায়নি, যারা হোয়াইট হেলমেট নামে বেশি পরিচিত, যদিও একটি আরজিতে তারা লাখ লাখ মানুষের সই নিয়েছিল। এর বদলে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এ সম্মান পেলেন। আর ঠিক এটাই হওয়ার কথা ছিল।
গত পাঁচ বছরে হোয়াইট হেলমেট অন্তত ৬০ হাজার মানুষকে জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছে, যেখানে একসময় তাদের বাড়ি, স্কুল ও মসজিদ ছিল। কথা হচ্ছে, এই দলের উদ্ধারকারীরা যখন জ্বলন্ত আগুন বা মানুষের কান্নার দিকে ছুটে যান, তখন তাঁরা জীবনের ঝুঁকি নিয়েই যান। এতে তাঁদের ১৬০ জন স্বেচ্ছাসেবী প্রাণ হারিয়েছেন। তাঁরাও এ রকম একটি দীর্ঘ ও জটিল দ্বন্দ্বের সময় নিরপেক্ষ থেকেছেন। তা সত্ত্বে তারা নোবেল শান্তি পুরস্কার পেল না।

তাদের মূলমন্ত্র হলো, ‘একটি জীবন রক্ষা করা সমগ্র মানবতাকে রক্ষা করার শামিল।’ কিন্তু মানবতার প্রতি তাদের সমর্থনদান সত্ত্বেও সিরিয়ায় এখনো বোমাবর্ষণ হচ্ছে। এমনকি ১০ কোটি মানুষও যদি উল্লিখিত আরজিতে সই করত, তাহলেও সম্ভবত হোয়াইট হেলমেট শান্তি পুরস্কার পেত না। নোবেল শান্তি কমিটি প্রতিবছরই বই বিক্রেতাদের পছন্দসই মানুষকেই এ পুরস্কার দিয়েছে। তবে এ বছরের পুরস্কারটা একটু ভিন্ন এ কারণে যে সম্ভবত নোবেল পুরস্কারের ১১৫ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন একটা বিষয়ে পুরস্কার দেওয়া হলো, যার ব্যাপারে আশাবাদ রয়েছে। পুরোনো কাজের জন্য এবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। ব্যাপারটা যেন এ রকম যে শান্তি স্থাপন করা সম্ভব।

হ্যাঁ, এটা ঠিক সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনা খুবই জরুরি। কিন্তু হোয়াইট হেলমেটকে পুরস্কার দিলেই কিন্তু এই যুদ্ধে ভয়াবহতা বা গ্রিক উপকূলে নৌকায় করে আসা শিশুদের সংখ্যা কমত না। এই গ্রিসও শান্তি পুরস্কারের জোর দাবিদার। এতে বাস্তব রাজনীতিতে তেমন একটা পরিবর্তন আসবে না। জাতিসংঘ সিরিয়ার মিত্রদের ওপর আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। নো ফ্লাই জোনের সংখ্যাও বাড়বে না। আর যাদের সাহায্য দরকার, তাদের কাছে হঠাৎ করেই বা দৈবক্রমে তা পৌঁছাবে না।

>নোবেল পুরস্কারের ১১৫ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন একটা বিষয়ে পুরস্কার দেওয়া হলো, যার ব্যাপারে আশাবাদ রয়েছে। পুরোনো কাজের জন্য এবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি

নোবেল শান্তি পুরস্কারের ক্ষমতা খুব সীমিত, কখন কাকে এটা দেওয়া হচ্ছে বা যুদ্ধের কোন সময়ে এটা দেওয়া হচ্ছে, তার ওপর আসলে এটি নির্ভর করে। এই পুরস্কারটি যে বিতর্কিত হতে পারে, তাতে এই কমিটি বিস্মিত না-ও হতে পারে। কথা হচ্ছে একদম শুরু থেকেই এই পুরস্কারটি বিতর্কিত। ডিনামাইটের আবিষ্কারকের নামে এই শান্তি পুরস্কার প্রবর্তন করাটা সে সময় উপহাসের ব্যাপার ছিল। কিন্তু এই বিতর্কটা তার শক্তির অংশমাত্র।
১৯৯৪ সালে ইয়াসির আরাফাতকে এই পুরস্কার দেওয়া বিতর্কিত ছিল। কিন্তু তাঁকে শিমন পেরেজ ও আইজ্যাক রবিনের সঙ্গে একই কাতারে ফেলায় বেশি সমালোচনা হয়েছিল। তবে এবার শুধু এক পক্ষকে পুরস্কার দেওয়া হলো। প্রেসিডেন্ট সান্তোস একাই পুরস্কার পেলেন। ফার্ক নেতা তিমোশেঙ্কোর সঙ্গে তিনি এই পুরস্কার ভাগাভাগি করবেন না। এই ব্যত্যয়টা কিন্তু মানুষের চোখ এড়িয়ে যাবে না, যেটা আসলে ইচ্ছে করেই করা হয়েছে। গত সপ্তাহের গণভোটে কলম্বিয়ার মানুষেরা এই শান্তিচুক্তি বাতিল করেছেন, যদিও ব্যবধান খুবই কম। কারণ, তাঁরা মনে করেছেন গেরিলাদের জন্য এই চুক্তিটি একটু বেশি ভালো হয়ে যাবে। ফলে তিমোশেঙ্কোর মতো একজন কুখ্যাত বিদ্রোহী নেতাকে এ পুরস্কার দিলে এই শূন্য দশমিক ২ শতাংশ ভোটারকে বোঝানো যেত না, ভবিষ্যতে আবার গণভোট হলে যাঁদের মতি পরিবর্তন করাতে হবে। তবে তিমোশেঙ্কোকে নোবেল না দিয়ে সান্তোসকে নোবেল দেওয়ায় সে সম্ভাবনা জিইয়ে থাকবে।
বাস্তবতা হচ্ছে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে পাঁচ বছর ধরে, আর কলম্বিয়ার যুদ্ধ হচ্ছে ৫০ বছরের বেশি সময় ধরে। অর্থাৎ সিরিয়ায় প্রতি এক বছরের যুদ্ধের বিপরীতে কলম্বিয়ায় এক দশক যুদ্ধ হয়েছে। গত ৫২ বছরে কলম্বিয়ায় আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এই পাঁচ বছরে সিরিয়ায় প্রায় চার লাখ মানুষ মারা গেছেন। তবে এটা শুধু নম্বরের খেলা নয়।
নোবেল পুরস্কার কমিটির সামনে আজ এক সুযোগ এসেছে। তারা এখন শান্তি স্থাপনের প্রক্রিয়া জোর গতিতে শুরু করতে পারে, যেখানে কিছুদিন আগেই তার সম্ভাবনা কলম্বিয়ার জঙ্গলে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এটা করতে গিয়ে তারা দেখাতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায় সব যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী না হলেও (যেমন: সিরিয়ার যুদ্ধ) কখনো কখনো তারাও যুদ্ধ শেষ করে শান্তি স্থাপনের প্রক্রিয়ায় গতি আনতে পারে।
আজ সান্তোসকে এই নোবেল শান্তি পুরস্কার দেওয়াটা কয়েক দশকের দীর্ঘ সংগ্রামের যাথার্থ্য নিশ্চিত করার শামিল, যেখান থেকে দুটি বিষয় বেরিয়ে আসবে বলে আমি আশা করি। প্রথমত, কলম্বিয়ার জনগণ পরবর্তী সুযোগে এই চুক্তিকে বৈধতা দেবে। আর দ্বিতীয়ত, পৃথিবী বুঝতে পারবে, সিরিয়ার সংকট সমাধান করতে ৫২ বছর লাগানো যাবে না। সেটা হলে তখন সিরিয়া বলে কিছু থাকবে না।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
সিয়ারান নরিস: রাইজিং গ্লোবাল পিস ফোরামের পরিচালক।