শিল্পের ছোঁয়ায় রঙিন আদিবাসী জীবন

দেয়ালগুলো উজ্জ্বল আর বর্ণিল সব রঙে রাঙানো। চটকদার খেলার সামগ্রী দিয়ে সাজানো বিশাল বলরুম। বিলাসবহুল সব অ্যাপার্টমেন্ট আর ভবনের সারি। আভিজাত্যের ছড়াছড়ি সবখানে। দেখে মনে হবে ধনী ব্যক্তিদের কোনো এলাকা। তবে তা নয়। এটি বলিভিয়ার দরিদ্র আদিবাসী জনগোষ্ঠী আইমারাদের ক্ষুদ্র একটি অংশের বসতির চিত্র। সম্পদ কীভাবে এই আদিবাসীদের জীবনে আভিজাত্যের পরশ নিয়ে এসেছে, রঙিন করে তুলেছে জীবনযাত্রা, তা উঠে এসেছে এএফপির একটি প্রতিবেদনে।
বলিভিয়ার এই আদিবাসী গোষ্ঠীর ভাগ্য বদলে গুরুত্বপূর্ণ অবদান দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেসের। তিনি আইমারা আদিবাসী গোষ্ঠীর। ২০০৬ সালে তিনি দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তিনি পাঁচ শতাংশের ওপর নিয়ে গেছেন। নিজের দরিদ্র গোষ্ঠীকে উন্নত জীবন দিতে নানা ধরনের কাজের সঙ্গে তাদের সম্পৃক্ত করেছেন। আইমারারা এ সময় খনি প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প ও পরিবহন ব্যবসায় যুক্ত হয়ে আর্থিকভাবে বেশ ভালো অবস্থানে পৌঁছেছে।

কাঁচাটাকার জোয়ারে বদলে যাচ্ছে আইমারাদের জীবন। প্রথম ছোঁয়া লেগেছে তাদের বসতিতে। পাহাড়ে যেমন জোটবদ্ধ হয়ে বাস করতেন, তেমনি সমতলেও জোটবদ্ধ হয়েই থাকতে চেয়েছেন আইমারা লোকজন। তাই গড়ে তুলেছেন এই অভিজাত ও বর্ণিল বসতি। রাজধানী লা পাজের উপশহর এল আলতোতে গড়ে উঠেছে সাততলা উচ্চতার এই বসতি।
এই বসতিটিতে আসলে বাণিজ্যিক ও আবাসিক-দুই ধরনের সুবিধাই আছে। ওপরের দিকটা থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হলেও নিচের তলাগুলোতে আছে বিপণি কেন্দ্র, খেলার স্থান ও বলরুম। পুরো নির্মাণে ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় সাত কোটি ৮০ লাখ টাকা।
নতুন স্থাপত্যশৈলীর এই নির্মাণের জন্য এর স্থপতি ফ্রেদি মামানি সিলভেস্ত্রে স্থানীয় লোকজনকেই কৃতিত্ব দিলেন। ৪২ বছর বয়সী মামানি জানালেন, ছোট্ট খামারি গ্রাম চাতাভিতে তাঁর জন্ম। সেখানেই তাঁদের ছয় ভাই-বোনের বেড়ে ওঠা। পাহাড়ে থাকার দিনগুলো তাঁর স্মৃতিতে অমলিন। তাই আইমারাদের কাছ থেকে যখন বসতি নির্মাণের প্রস্তাব তাঁর কাছে গেল, তখন তিনি সেই পাহাড়ি আবহে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি স্থাপনা গড়ার চিন্তা করেন। তাঁর ভাষায় এই ‘স্থাপত্য বিপ্লব’ সফল হতো না, যদি না আইমারা গোষ্ঠীর লোকেরা তাঁকে তাঁর মতো করে চিন্তামতো কাজ করার সুযোগ না দিতেন।
আইমারাদের পতাকায় আছে রংধনু। পুরো স্থাপনাটিতে তাই রংধনুর সব রং জ্বলজ্বল করছে। আদিবাসীদের জীবনের সঙ্গে জড়িত এমন ছোট ছোট সব জিনিস এই অট্টালিকাতেও থাকছে। আদিবাসী ভাবনাকে মাথায় রেখে বানানো হয়েছে দোতলা উচ্চতার কয়েকটি বলরুম। এগুলোর মানুষ ধারণের ক্ষমতা হাজারের বেশি। অনুষ্ঠান করতে বাংলাদেশের টাকায় খরচ পড়ে লাখ টাকার মতো।
এভাবে আয় করাটা আইমারাদের সংস্কৃতির মধ্যেই আছে বলে জানালেন স্থপতি মামানি। তাঁর মতে, এই আদিবাসী গোষ্ঠী বিশ্বাস করে সবকিছুরই জীবন আছে। ভবনেরও জীবন আছে। শুনতে একটু অবাক লাগছে, কিন্তু তাঁর ব্যাখ্যাটাও বেশ মজার। তাঁর মতে, এই জীবন দিয়ে আসলে বলতে চাওয়া হয়েছে, আয় করো। তাঁর নকশা করা বসতিও ভবন থেকে আয় করছে।
তবে এই বসতি দিয়েই গোটা আইমারা গোষ্ঠীর জীবনকে বোঝা যাবে না। এই সুরম্য অট্টালিকার বাইরেই বাস করে আইমারা গোষ্ঠীর হাজার হাজার দরিদ্র মানুষ।
এই বসতিটি বেশ সাড়া ফেলেছে। দেশ-বিদেশের মানুষ এখানে ঘুরতে আসেন। এই বসতিকে ‘দারিদ্র্য ও ভিক্ষাবৃত্তির’ মধ্যে এক টুকরো ‘সম্পদের খনি’ বলে মন্তব্য করলেন কানাডা থেকে আসা ২৮ বছর বয়সী পর্যটক ডোমিনিক ফরচুগনো। আর বিশাল আদিবাসী গোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশের এই অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন বলিভিয়ায় বসবাসরত সুইডেনের সমাজকর্মী সার্গে ডুকরক। তাঁর মতে, তারা (আইমারা আদিবাসী) শ্বেতাঙ্গদের এলাকায় গিয়ে বাস করতে পারত। কিন্তু ধনী হয়েও তারা নিজেদের মতো করেই বাঁচতে চেয়েছে, গড়ে তুলেছে নিজেদের পছন্দের বসতি। আর এটাই তাদের সাফল্য বলে কোকো চিবোতে চিবোতে বললেন তিনি।
