শুশুক রক্ষায় ডলফিন

বিলুপ্তির ঝুঁকিতে থাকা সামুদ্রিক প্রাণী শুশুক প্রজাতির সুরক্ষার জন্য মেক্সিকোর সরকার প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন নিয়োগের পরিকল্পনা করেছে। দেশটির পরিবেশমন্ত্রী রাফায়েল পাচিয়ানো বলেন, ডলফিনগুলো ওই শুশুকদের একসঙ্গে ধাওয়া করে একটি সামুদ্রিক অভয়াশ্রয়ে পৌঁছে দেওয়ার কাজ করবে।
স্তন্যপায়ী শুশুক প্রজাতির সংখ্যা কমে যাচ্ছে বলে মেক্সিকো স্থায়ীভাবে মাছ ধরার জাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন তারা শুশুক রক্ষার্থে মার্কিন নৌবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন ব্যবহার করতে চায়।
সমুদ্রবিজ্ঞানীদের অনুমান, ক্যালিফোর্নিয়া উপসাগরে এখন ৪০টিরও কম শুশুক বেঁচে আছে। পাচিয়ানো বলেছেন, ডলফিন নিয়োগের প্রকল্পটি আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। নিখোঁজ ডুবুরিদের খুঁজে বের করতে মার্কিন নৌবাহিনী ডলফিনদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ রকম কয়েকটি ডলফিনকে শুশুক খুঁজে বের করে তাড়িয়ে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিরল প্রাণী প্রজাতিটি রক্ষার প্রয়োজনে সর্বোচ্চ সংখ্যায় তাড়িয়ে অভয়াশ্রমে নিয়ে যেতে হবে।
হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও এই শুশুক প্রজাতি বাঁচানোর লক্ষ্যে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছেন। মেক্সিকো সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এক টুইটার বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো এবং পরিবেশবাদী সংগঠন ডব্লিউডব্লিউএফকে ধন্যবাদ দিয়েছেন।
মেক্সিকোর সরকার গত শুক্রবার জানায়, তারা সাগরে মাছ ধরার একটি নির্দিষ্ট জাল সব সময়ের জন্য নিষিদ্ধ করেছে। টোটাবা নামের একধরনের সামুদ্রিক প্রাণী ধরতে এই জাল ব্যবহৃত হয়ে থাকে। এতে মাছের শরীরের পরিবর্তে শুধু ফুলকা ও মাথা আটকা পড়ে। এ রকম জালে শুশুকও ধরা পড়ে বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালে সরকার সাময়িক নিষেধাজ্ঞা দিলেও জালটির ব্যবহার বন্ধ হয়নি। এ কারণেই ডব্লিউডব্লিউএফ স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করে।