যু্ক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্ক উন্নয়নের আকস্মিক ঘোষণায় কমিউনিস্ট দেশটির জনগণ বেশ অবাক হয়েছেন। এখনো ঘটনাটির তাৎপর্য বুঝতে চেষ্টা করছেন রাজধানী হাভানার বাসিন্দারা। দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন পর পরিবর্তন আসার লক্ষণে তাঁদের কেউ আনন্দিত, কেউবা আবার সংশয়ে ভুগছেন।
রাজধানীর ভেদাদো এলাকায় গাড়ি ধোয়ামোছার কাজ করেন ৪৪ বছর বয়সী রোলেনদো। তিনি বলেন, ঐতিহাসিক এ ঘোষণা দেওয়ার সময় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ‘খুবই সংক্ষিপ্ত’ বক্তব্য দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমও ব্যাপারটা স্পষ্টভাবে ব্যাখ্যা করার ওপর তেমন গুরুত্ব দেয়নি।
মার্কিন ঠিকাদার অ্যালেন গ্রসকে কিউবার কারাগার থেকে মুক্তি দেওয়ার পর স্নায়ুযুদ্ধ যুগের দুই বৈরী দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় নাটকীয় পরিবর্তন আসে। গুপ্তচরবৃত্তির দায়ে গ্রস ২০ বছর ধরে বন্দী ছিলেন। জবাবে যুক্তরাষ্ট্রও কিউবার তিন গুপ্তচরকে মুক্তি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রায় একই সময়ে কিউবার সঙ্গে সম্পর্ক পর্যালোচনার ঘোষণা দেন। দুই দেশের মধ্যে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলা বৈরিতার পরিপ্রেক্ষিতে এটি ছিল এক যুগান্তকারী মুহূর্ত।
৬২ বছর বয়সী মানুয়েল রামোস যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন কিউবায়। মাতৃভূমিতে সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংস্কার উদ্যোগের সুফল তিনিও পেয়েছেন। বুধবার তিনি বলেন, কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের দীর্ঘ প্রতীক্ষিত খবরটা পেয়ে তাঁর চোখে আনন্দাশ্রু এসেছিল। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লব হলে ৫৪ বছর আগে রামোসের মা-বাবা কিউবা ছেড়ে গিয়েছিলেন। দীর্ঘ সময় পর ফিদেলের ভাই রাউল কাস্ত্রো ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। রাউল দেশে বিভিন্ন সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেন। রামোস এ বিষয়ে বলেন, পরিবর্তনের ব্যাপারে অনেক প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো থেকে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। ওবামা ও কাস্ত্রোর যুগপৎ ঘোষণায় কিউবার অনেকে আশাবাদী হয়ে উঠতে পারেন। কিন্তু দেশটির ওপর কঠিন মার্কিন বাণিজ্য অবরোধ এখনো রয়ে গেছে। কংগ্রেসই কেবল সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। তা করানো ওবামার জন্য সহজ হবে না।
হাভানার ট্যাক্সিচালক ইয়োরদানিস হেরেরা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক ফিরে এলে তাঁরা লাভবান হবেন। বৈদ্যুতিক কাজের মিস্ত্রি আরমান্দো রদ্রিগেজ স্বপ্ন দেখছেন, সম্পর্ক উন্নয়নের ফলে উত্তর আমেরিকা থেকে হাজার হাজার পর্যটক কিউবায় আসবেন। পাশাপাশি নতুন অনেক ব্যবসার সুযোগ অবারিত হবে। বিপ্লব-পূর্ব যুগের স্মৃতিচারণা করে উচ্ছ্বসিত রদ্রিগেজ বলে ফেলেন, ওবামাকে এখন নোবেল শান্তি পুরস্কার দেওয়া যেতে পারে।
প্রসঙ্গত, ২০০৯ সালেই নোবেল শান্তি পুরস্কার পান ওবামা। সূত্র: এএফপি