সতেজ থাকতে আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শীতে আইসক্রিম? যত মজার খাবারই হোক, অনেকে দুই হাতে ঠেলে দেবেন। এর চেয়ে বরং গরম কফির কাপ সাগ্রহে টেনে নেবেন তিনি। কিন্তু ব্রাজিলের রিও ডি জেনিরোর পরিবেশ ঠিক বিপরীত। সেখানে হাঁফ ধরা গরম। এই গরমে রীতিমতো হাঁসফাঁস করছে রিওস চিড়িয়াখানার প্রাণীরা। আইসক্রিম, ঠান্ডা ফল আর হিমায়িত মাংস দিয়ে তাদের শীতল রাখার চেষ্টা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, ওই চিড়িয়াখানায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চিড়িয়াখানার এক কর্মচারী সেখানকার প্রাণীগুলোকে শীতল রাখার জন্য যে খাবারের বর্ণনা দিয়েছেন, এর মধ্যে পলিনহো (৩০) নামের এক শিম্পাজিকে দেওয়া হয়েছে ঢাউস দুটি আইসক্রিম। এলস (৩৫) নামের ওরাংওটাং ও তার মেয়ে টাঙ্গাকে (২০) দেওয়া হয়েছে কয়েক ধরনের ফল, যা শরীর শীতল রাখতে সহায়তা করে।
কার্লা নামের এক হাতি ৫০ কেজির মতো আইসক্রিম সাবাড় করেছে। ওদিকে গাবি নামের এক জাগুয়ার খেয়েছে হিমায়িত মাংস।
কার্লা সুনহা নামের একজন কর্মী বলেন, ‘আমাদের সবার মতো ওদেরও গরমে নানা সমস্যা দেখা দেয়। যেমন‍—সানস্ট্রোক, শরীর থেকে পানি বেরিয়ে যাওয়া, উদাসীনতা।’
এসব প্রাণীকে সতেজ রাখতে শীতল খাবার দেওয়া হয় বলে তিনি জানান।