সন্ত্রাসে মদদের তালিকা
সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে কমিউনিস্ট দেশটি। ওই সিদ্ধান্তকে ‘ন্যায্য’ বলে উল্লেখ করে কিউবা বলেছে, ওই তালিকায় তাদের নাম থাকাই উচিত হয়নি। খবর বিবিসির।
দীর্ঘদিনের বৈরিতার পর অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। ওই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিউবার শীর্ষ কূটনীতিক জোসেফিনা ভিদাল বলেন, ‘সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশের তালিকা থেকে কিউবার নাম প্রত্যাহার করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে ন্যায্য বলে মনে করে কিউবা সরকার। যেখানে আমাদের দেশ শত শত সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার, সেখানে ওই তালিকায় কিউবার নাম অন্তর্ভুক্ত করাই উচিত ছিল না।
সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশের মার্কিন তালিকায় সিরিয়া, ইরান ও সুদানের পাশাপাশি ক্যারিবীয় ওই দেশের নাম ছিল। আবার দূতাবাস খোলার ব্যাপারে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় এই বিষয় বাধা হয়ে দাঁড়ায়। কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। কেবল মার্কিন কংগ্রেসই এর অবসান ঘটাতে পারে।
ওবামা গত মঙ্গলবার বলেন, গত ছয় মাসেরও বেশি সময়ে কিউবা ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদে কোনো ধরনের সমর্থন দেয়নি’।