সন্দেহভাজন পাচারকারী ৩০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারে জড়িত সংঘবদ্ধ চোরাচালানি চক্রের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইউরোপের দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোল জানিয়েছে, মানব পাচারে জড়িত সন্দেহভাজন লোকের সংখ্যা আনুমানিক ৩০ হাজার। খবর এএফপির।
ইউরোপোলের কর্মকর্তারা বলেন, মানব পাচারের ভয়ংকর কাজে শত শত কোটি মার্কিন ডলারের ব্যবসা হচ্ছে। সিরিয়া, আফগানিস্তান, ইরিত্রিয়া ও সোমালিয়ার মতো যুদ্ধ ও দারিদ্র্যপীড়িত দেশগুলোর বহু মানুষ এসব চোরাকারবারির খপ্পরে পড়ে সর্বস্ব এমনকি অনেকে প্রাণও হারাচ্ছে। মানব পাচার চক্রের ওই হোতারা সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমেও বেশ সক্রিয়। বিভিন্ন পথে সংঘবদ্ধ ও নির্মম কৌশল অবলম্বন করে তারা ইউরোপমুখী শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীদের অবৈধ পথে পৌঁছে দেওয়ার বিনিময়ে মুনাফা করছে।
তুরস্কের উপকূলে সিরীয় শিশু আয়লান কুর্দির করুণ মৃত্যু এবং অস্ট্রিয়ায় একটি ট্রাকের ভেতর থেকে ৭১ জন অভিবাসীর লাশ উদ্ধারের ঘটনা দুটো সম্প্রতি বিশ্বজুড়ে বড় রকমের ধাক্কা দেয়। ইউরোপোলের সংঘবদ্ধ অপরাধচক্র দমন বিভাগের প্রধান রবার্ট ক্রেপিনকো বলেন, মানব পাচার চক্রের তৎপরতা কেবল ভূমধ্যসাগর এলাকায় সীমাবদ্ধ নয়, সারা ইউরোপেই বিস্তৃত।