প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। কিউবার সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ওবামা প্রশাসন শিথিল করার পর গত শুক্রবার ফোন করে এই আহ্বান জানান কাস্ত্রো। খবর বিবিসির।
কিউবার প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে কমিউনিস্ট দ্বীপরাষ্ট্রটির ওপর ১৯৬২ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন রাউল কাস্ত্রো।
ফোনালাপের কথা নিশ্চিত করে হোয়াইট হাউস বলেছে, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরালো করার উপায় নিয়ে ওবামা ও কাস্ত্রো আলোচনা করেন। আর দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলানোর ক্ষেত্রে পোপ ফ্রান্সিসের সম্ভাব্য জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন তাঁরা।