সরকারবিরোধী বিক্ষোভে ভেনেজুয়েলায় নিহত ৩
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাজধানী কারাকাসে এক কিশোর ও কলম্বিয়ার সীমান্তবর্তী শহর সান ক্রিসটোবালে এক নারীকে গুলি করে হত্যা করা হয়। নিহত আরেক ব্যক্তি হলেন জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রহরী।
নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন এবং আটক বিরোধী দলের নেতাদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করছেন। প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, পুলিশের ওপর বিরোধী দল হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দোকানপাট লুটের অভিযোগ এনে এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভের বিরুদ্ধে রাজধানী কারাকাসে সরকার-সমর্থিত ব্যক্তিরাও পাল্টা সমাবেশ করছেন। এরই মধ্যে বিরোধী দলের নেতা হেনরিক ক্যাপরিলস আগামী বৃহস্পতিবার দেশব্যাপী গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও কয়েক বছর ধরেই উচ্চ মুদ্রাস্ফীতি সমস্যায় রয়েছে দেশটি। একই সঙ্গে রয়েছে ব্যাপক অপরাধ প্রবণতা ও মৌলিক চাহিদার অভাব।
গত তিন বছরের মধ্যে এবারের সরকারবিরোধী বিক্ষোভই সবচেয়ে বড় আকার ধারণ করেছে। আন্দোলনকারীদের প্রত্যাশা, বিক্ষোভের জেরে বিরোধী দলের সঙ্গে আলোচনা করবে মাদুরো সরকার। এতে দেশের আর্থিক সমস্যার একটা সমাধান আসবে।
২০১৯ সালের আগে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা নেই। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক পূর্বাভাসে বলা হয়, চলতি বছর ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি বেড়ে ৭০০ শতাংশ দাঁড়াবে। এমন অবস্থায় বিরোধীরা বলছেন, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। গতকালের বিক্ষোভকে বিক্ষোভকারীরা ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে আখ্যায়িত করছেন। সূত্র: বিবিসি অনলাইন।