সরকারি 'লাভ-মোটেল' ফিরে আসছে হাভানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় রাষ্ট্রীয় মালিকানায় বেশ কয়েকটি ‘লাভ-মোটেল’ আবার চালু হতে যাচ্ছে। হাভানা নগরের এসব সরাইখানায় প্রেমিক যুগলেরা ঘণ্টা হিসাবে ঘর ভাড়া নিয়ে থাকার সুযোগ পাবে।
‘ভালোবাসার প্রকাশে বৈচিত্র্য’ আনতে কিউবার কমিউনিস্ট সরকার এসব মোটেল বা ‘পোসাদা’ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। সরকারি শ্রমিক সংগঠনের সাপ্তাহিক পত্রিকা ত্রাবায়াদোরেস গত সোমবার এ খবর দিয়েছে।
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার রাজধানী হাভানায় ১৯৯০-এর দশক পর্যন্ত এ রকম বেশ কয়েকটি পোসাদা ছিল। সামুদ্রিক ঝড়ে বাস্তুহারা লোকজনের জন্য সরকার একপর্যায়ে সেগুলো খুলে দিয়েছিল।
প্রেমিক যুগলদের জন্য গোপনীয়তা বরাবরই খুব কাঙ্ক্ষিত। আবাসন-সংকট এবং একই অ্যাপার্টমেন্টে একাধিক দম্পতির বসবাসের কারণে নিজেদের মতো করে থাকার একান্ত নির্জনতা অনেকেই পায় না। এ সমস্যা নিরসনে বেসরকারি একাধিক প্রতিষ্ঠান এগিয়ে এলেও সেই সুবিধা অনেকের সাধ্যের বাইরে। পাঁচ মার্কিন ডলার বা মাসিক বেতনের ছয় ভাগের এক ভাগ খরচ করে তিন ঘণ্টার জন্য নির্জনতা ভাড়া নেওয়াটা তাদের জন্য বিলাসিতাই বটে। তাই তুলনামূলক দুর্ভাগা যুগলেরা নানা রকমের পার্ক, সিঁড়ির নিচের অন্ধকার, সৈকত প্রভৃতি জায়গা বেছে নেয়। মূলত তাদের জন্য সরকার এখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
হাভানার প্রভিন্সিয়াল হাউজিং কোম্পানির মুখপাত্র আলফানসো মুনোজ শাং বলেন, ব্যাপক চাহিদার কারণেই তাঁরা পোসাদাগুলো আবার চালু করতে চাইছেন। এই উদ্যোগ সমাজে বড় প্রভাব ফেলবে এবং নিঃসন্দেহে লাভজনক হবে। শহরে এ রকম লাভ-মোটেলের প্রয়োজন আছে। ভালোবাসাবাসির সুযোগকে নাগালের মধ্যে রাখতে হবে। এটা সবার জন্যই প্রয়োজনীয় ব্যাপার, বিলাসিতা তো হতে পারে না।