সরকার-সমর্থকের গায়ে আগুন, তীব্র নিন্দা মাদুরোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভের সময় সরকার-সমর্থক এক ব্যক্তির গায়ে আগুন লাগিয়ে দেওয়ার জন্য বিরোধী বিক্ষোভকারীদের তীব্র নিন্দা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। মাদুরো সরকারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের ৫০তম দিনে গত শনিবার রাজধানী কারাকাসে ওই আগুন লাগানোর ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তারা জানান, আগুনে অরলান্দো হোসে ফিগেরা নামে লোকটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। শনিবারের ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘একজন মানুষের শরীরে আগুন দেওয়া হলো, পেটানো হলো, কোপানো হলো...তারা তাঁকে প্রায় মেরেই ফেলেছিল। এর একটাই কারণ ছিল, তিনি নিজেকে এক “চাভিস্তা” (পূর্বসূরি হুগো চাভেজের বাম আদর্শে বিশ্বাসী) বলে চিৎকার করেছিলেন।’ সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে এ ঘটনাকে প্রেসিডেন্ট ‘ঘৃণ্য কাজ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে বর্ণনা করেছেন।
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটিতে সরকারবিরোধী আন্দোলনে এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৮।