লোহার খনির বাঁধ ভেঙে পড়ার পর পরিবেশদূষণের দায়ে বহুজাতিক খনি কোম্পানি সামারকোর কাছে ৫২০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করবে বলে জানিয়েছে ব্রাজিল সরকার। খবর বিবিসির।
চলতি মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে আকরিক লোহার খনির বর্জ্য ধরে রাখার বাঁধ ধসে অন্তত ১৩ জন নিহত হয়। এতে বিশাল এলাকাজুড়ে পানীয় জলের উৎস দূষিত হয়। এর প্রেক্ষাপটে দেশটির পরিবেশমন্ত্রী ইজাবেলা তিশেইরা শুক্রবার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিবেশ পুনরুদ্ধার এবং দুর্যোগের শিকার লোকজনকে ক্ষতিপূরণ দিতে অর্থ প্রয়োজন। রাজধানী ব্রাসিলিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, ‘পরিবেশগত দৃষ্টিকোণ থেকে সেখানে বিশাল প্রভাব পড়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়।’
খনিটি পরিচালনা করছে অ্যাংলো-অস্ট্রেলীয় কোম্পানি বিএইচপি বিলিটন ও ব্রাজিলের শীর্ষ খনি কোম্পানি-ভ্যালে। বহুজাতিক খনি কোম্পানি সামারকোর মালিকানায় রয়েছে এগুলো।
গত বৃহস্পতিবার জাতিসংঘ বলে, ওই বাঁধ ধসে ‘বিষাক্ত কাদাপানি’র ঢল সৃষ্টি হয়। যদিও বিএইচপি এক বিবৃতিতে দাবি করে, ওই বাঁধের পানিতে মানুষের ক্ষতির কোনো আশঙ্কা নেই।