সুড়ঙ্গ খুঁড়ে জেলপালানো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো মেক্সিকোর মাদক ব্যবসায়ী জোয়াকুইন গুজম্যানকে প্রায় ছয় মাস পর গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের অভিযানের সময় গোলাগুলিতে এক সেনাসহ ছয়জন নিহত হন। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
গুজম্যানকে গতকাল মেক্সিকোর সিনাওলা রাজ্যের লস মোচিস শহর থেকে গ্রেপ্তার করা হয়। এবার কারাগারের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কক্ষে তাঁকে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল অভিযানের সময়ও গুজম্যান একটি নালার ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নৌ সেনাদের সঙ্গে তাঁর সহযোগীদের গুলি বিনিময় শুরু হয়। এতে একজন নৌ সেনাসহ ছয়জন নিহত হন। একপর্যায়ে ধরা পড়েন গুজম্যান।
এর আগে গত ১১ জুলাই কারাগারে গুজম্যানের জন্য বরাদ্দ কক্ষের গোসলখানার নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে প্রায় দেড় কিলোমিটার একটি টানেল দিয়ে পালিয়ে যান তিনি। এরপর নিরাপত্তারক্ষীরা তাঁর কক্ষের ভেতরে গিয়ে প্রায় ৩৩ ফুট গভীর সিঁড়ির মতো একটি পথ দেখতে পান। এ গর্তটি দিয়ে তিনি একটি টানেলে পৌঁছান। পরে সেখান থেকে পালিয়ে যান গুজম্যান। ওই কারাগারটিতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্দী ছিলেন তিনি। এর আগে ২০০১ সালেও একবার গুজম্যান লন্ড্রির ঝুড়িতে ঢুকে কারাগার থেকে পালিয়েছিলেন।
কারাগার থেকে গুজম্যানের পালিয়ে যাওয়ার ঘটনায় মেক্সিকোর সরকার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল। তাই গুজম্যানকে গ্রেপ্তারের বিষয়টিকে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা ‘আইনের শাসনের বিজয়’ বলে উল্লেখ করেছেন।