সেই শিক্ষার্থীর মুখমণ্ডল জন্তু খেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে নির্যাতনের পর হত্যা করা এক শিক্ষার্থীর মুখমণ্ডল জন্তু-জানোয়ারে খেয়েছিল। বছর খানেক আগে যে রাতে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়, একই রাতে ওই শিক্ষার্থীকে খুন করা হয়। গতকাল সোমবার সেখানকার জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ২০১৪ সালের সেপ্টেম্বরে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে জুরিও সিজার মোনদ্রাগন নামের ওই শিক্ষার্থীর ৪৩ জন সহপাঠী নিখোঁজ হন। একই দিন ওই শিক্ষার্থী নির্যাতনের পর খুন হন। পরে তাঁর লাশ উদ্ধার হয়।

পুলিশ ও সন্ত্রাসী চক্র পরস্পরের যোগসাজশে শিক্ষার্থীদের অপহরণ করেছিল বলে অভিযোগ রয়েছে।

মোনদ্রাগনের লাশ উদ্ধার হওয়ার পর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, তাঁর মুখমণ্ডলের চামড়া অপরাধীরা ছুলে ফেলেছিল।

এখন জাতীয় মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে বলছে, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় মোনদ্রাগনের মুখমণ্ডলে কুকুর ও তীক্ষ্ণ দাঁতের অন্য জন্তু-জানোয়ারের কামড়-থাবার আলামত দেখা গেছে।

কমিশন বলছে, মোনদ্রাগনের ওপর নিষ্ঠুর নির্যাতন হয়েছিল। মাথার আঘাতে তাঁর মৃত্যু হয়েছিল।

কর্তৃপক্ষ বলছে, অপহৃত ৪৩ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। পরে তাঁদের লাশ পোড়ানো হয়। দেহাবশেষ নদীতে ফেলা হয়।

ঘটনার সরকারি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।