স্লোগানে স্লোগানে নেতাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সামনের দিনগুলোতে ফিদেল কাস্ত্রোর বিপ্লবের মশাল বহনের প্রতিজ্ঞা করেছেন লাতিন আমেরিকার বামপন্থী নেতারা। গত মঙ্গলবার কিউবার রাজধানী হাভানায় কাস্ত্রোর সম্মানে আয়োজিত এক সমাবেশে তাঁরা এ প্রতিজ্ঞা করেন।
হাভানার রেভল্যুশন স্কয়ারে হাজারো মানুষ জড়ো হয়। ‘আমিই ফিদেল’ স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এ স্কয়ারেই বহু ঐতিহাসিক ও দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন কাস্ত্রো। অনুষ্ঠানের শুরুতে কাস্ত্রোর গেরিলা পোশাকের বিশাল ছবি উঁচিয়ে জনতাকে অভিবাদন জানান কিউবার বর্তমান নেতা ও কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো।
এ সমাবেশের মাধ্যমে ফিদেল কাস্ত্রোর স্মরণে হাভানার দুদিনের আয়োজনের সমাপ্তি হয়। গতকাল বুধবার থেকে তাঁর দেহভস্ম কিউবার বিভিন্ন স্থানে প্রদক্ষিণের কথা। সর্বশেষ ৪ ডিসেম্বর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার সমাপ্তি ঘটবে।
কিউবার এই বিপ্লবী নেতা মারা যান গত ২৫ নভেম্বর। আমেরিকার নাকের ডগায় ৯০ কিলোমিটারের মধ্যে একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে পাঁচ দশক ধরে তা টিকিয়ে রাখতে পারায় কাস্ত্রো বহু দেশের বিপ্লবীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
হাভানার রেভল্যুশন স্কয়ারের সমাবেশে লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল ও আফ্রিকার বহু দেশের নেতা এসেছেন। তবে পশ্চিমা বিশ্বের নেতাদের উপস্থিতি লক্ষ করা যায়নি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে একমাত্র গ্রিসের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ স্মরণ সমাবেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, ‘আপনার দায়িত্ব শেষ হয়েছে, কমান্দান্তে ফিদেল কাস্ত্রো। আজ আমাদের ওপর দায়িত্ব বর্তেছে আমাদের পিতৃভূমির স্বাধীনতার এই ঝান্ডা সমুন্নত রাখার। আমাদের ওপর দায়িত্ব পড়েছে মানুষের মর্যাদা ও স্বাধীনতার ঝান্ডা তুলে ধরার।’

এর আগে সোমবার হাভানায় অবতরণ করার পরই মাদুরো ফিদেলের ‘অমর শক্তির’ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ইকুয়েডরের বামপন্থী প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া কাস্ত্রোর জীবনদর্শনের প্রশংসা করেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শপথ করছি, এই দর্শন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা কাস্ত্রোকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ নেতা বলে অভিহিত করেন। তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনে এবং অ্যাঙ্গোলা যুদ্ধের সময় কাস্ত্রোর সমর্থন ও সশস্ত্র সহযোগিতার কথা স্মরণ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে জিম্বাবুয়ের রবার্ট মুগাবেসহ বেশ কয়েকজন আফ্রিকান নেতা যোগ দেন।