হঠাৎই অনেক কাছে কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিস্ট কিউবায় যাওয়ার সুযোগ অনেকখানি বেড়ে গেল মার্কিন নাগরিকদের জন্য। সাধারণ বাণিজ্যিক পর্যটনের বিষয়টি আইনে আগের মতো নিষিদ্ধ থাকলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে উদ্যোগ নিয়েছেন, তাতে করে সে দেশের নাগরিকদের কিউবায় যাওয়া অনেক সহজ হয়ে গেছে। গতকাল শুক্রবার থেকেই দুই দেশের মধ্যে নিয়মিত উড়োজাহাজ চলাচল শুরু হওয়ার কথা ছিল।
গতকাল থেকে চালু হওয়া ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের পর্যটকদের অনলাইনে টিকিটের আদেশ দিয়ে এবং ফরমের একটি বাক্সে টিক দিয়ে ভ্রমণের উদ্দেশ্য যে বৈধ তা বললেই চলবে। এত দিন কিউবা ভ্রমণের যৌক্তিকতা তুলে ধরতে হতো সরকারি একটি সংস্থার কাছে। লাইসেন্সের জন্য আবেদন, এরপর ‘মানুষ বিনিময়ের’ ব্যবস্থা করতে একটি কোম্পানির সঙ্গে চুক্তি ইত্যাদি ঝক্কি ছিল। আইনি এসব বেড়াজাল পাশ কাটাতে চাইলে প্রথমে অন্য দেশে গিয়ে তারপরই কেবল কিউবায় যাওয়ার চিন্তা করা যেত।
রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্ক নেই দীর্ঘ পাঁচ দশক ধরে। কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটির ওপর অর্থনৈতিকসহ কড়া মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে দীর্ঘদিন ধরে। গত মাসে আকস্মিক এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দীর্ঘদিনের বৈরিতা ও বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার ঘোষণা দেন। কিউবা একই সঙ্গে একে স্বাগত জানায়।
নতুন ব্যবস্থা প্রতিবেশী দেশ দুটির মধ্যে যোগাযোগের নতুন যুগ শুরু করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কেবল ভ্রমণের বিষয়টি সহজ হবে তা-ই নয়। পাশাপাশি অর্থ আদান-প্রদান করার বিষয়টিও সহজে করা যাবে। যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও কৃষি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন থেকে কিউবায় ব্যবসা পরিচালনার সুযোগ পাবে। পরিদর্শকেরা অর্থ ব্যয়, ক্রেডিট কার্ড ব্যবহার, এমনকি সঙ্গে করে সর্বোচ্চ ১০০ মার্কিন ডলার মূলের বিখ্যাত কিউবান চুরুটও আনতে পারবেন।
কিউবাবিষয়ক লেখক জুলিয়া ই সোইগ বলেন, ‘এটা কার্যত ভ্রমণ নিষেধাজ্ঞার সমাপ্তি। প্রথম দেখায় মনে হচ্ছে, নতুন আইনটি আগাম অনুমতি ছাড়াই মার্কিনদের কিউবা ভ্রমণের সুযোগ করে দেবে।’
রাতারাতি অবশ্য সবকিছু বদলে যাবে না। কিছু বিশ্লেষক সতর্ক করে দিয়ে বলেছেন, পর্যটকদের এখনো কিউবার সরকারের কাছ থেকে ভিসা অনুমোদন করিয়ে নিতে হবে। আবার দ্বীপরাষ্ট্রটির সীমিত হোটেল ও রেস্তোরাঁ এখনই খুব বেশি পর্যটককে জায়গা করে দিতে পারবে না।
সূত্র: ওয়াশিংটন পোস্ট