হাইতিতে বান কি মুনের সামনেই ত্রাণ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন ম্যাথিউর আঘাত-উপদ্রুত হাইতির ক্ষুধার্ত মানুষ জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সামনেই সংস্থাটির ত্রাণবহরে হামলা চালিয়েছে। বান কি মুন এ অঞ্চলে আরও ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ঘূর্ণিঝড় ম্যাথিউ ৪ অক্টোবর আঘাত হানে হাইতিতে। এতে নিহত হয় হাজার খানেক লোক। গৃহহারা হয় পৌনে দুই লাখ মানুষ। আক্রান্ত ১৪ লাখের বেশি মানুষের জরুরি ত্রাণ সহায়তার দরকার হয়ে পড়ে। ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যায় ব্যাপক হারে কলেরা ছড়িয়ে পড়ে।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক কর্মকর্তা জানান, গত শনিবার লেস কেইসে জাতিসংঘের কার্যালয়ের কাছে ডব্লিউএফপির ত্রাণবাহী কনটেইনারে হামলা চালিয়ে লুট করে স্থানীয় লোকজন। এই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে রাজি হননি।
এ ঘটনার পর সেখানে এক দিনের সফরে যাওয়া বান কি মুন বলেন, ‘মানবিক সহায়তার ত্রাণবহরে যেকোনো ধরনের হামলার আমি নিন্দা জানাই। আজ আমি নিজে দেখেছি ডব্লিউএফপির একটি ত্রাণবাহী ট্রাকে হামলা হয়েছে।’ মুন বলেন, এর ফলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা আরও বিপদে পড়বে।
বান কি মুন বলেন, ‘আমরা আরও সহায়তা সামগ্রী দেব। এর সঙ্গে প্রথমেই কলেরা নিরাময়ে চিকিৎসা সহায়তা জোরদার করা হবে।’
২০১০ সাল পর্যন্ত হাইতিতে কলেরার কোনো রোগী পাওয়া যায়নি। ওই বছর ৭ মাত্রার ঘূর্ণিঝড় আঘাত হানে। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দূরের মাইরবালাইস শহরে এর প্রাদুর্ভাব হয়। সেখানে জাতিসংঘের একটি ক্যাম্পে নেপালি শান্তিরক্ষীরা ছিলেন। নেপালে ম্যালেরিয়ার ব্যাপক প্রকোপ রয়েছে।