হাইতিতে হারিকেনে তিন শতাধিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে তিন শতাধিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানকার এক সিনেটরের বরাতে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোচ-অ-বাতুতেই প্রায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হারিকেনে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো মানুষ বাস্তুচ্যুত। গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
বেশি ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং এর আশপাশের শহর ও গ্রামে।
হাইতির উপকূলে গত মঙ্গলবার আঘাত হানে ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ।
হাইতিতে তাণ্ডব চালিয়ে হারিকেনটি কিউবার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে।