হাতিদের বৃদ্ধাশ্রম

সারা জীবন সার্কাসে খেলা দেখিয়ে এখন বয়সের ভারে ন্যুব্জ। আগের মতো শরীরে শক্তি নেই। সার্কাস দলের উপার্জনেও ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না। বুড়িয়ে যাওয়া এমন হাতিদের জন্য লাতিন আমেরিকা অঞ্চলে প্রথমবারের মতো ‘বৃদ্ধাশ্রম’ খুলেছে ব্রাজিল।
ওই অঞ্চলের বিভিন্ন সার্কাস দলের পরিত্যক্ত আনুমানিক ৫০টি হাতিকে আশ্রমে স্থান দেওয়া হবে। ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোয় এই আশ্রম গড়ে উঠেছে।
আশ্রমের প্রথম বাসিন্দা হিসেবে সেখানে আশ্রয় পেয়েছে গুইদা ও মাইয়া নামের চল্লিশোর্ধ্ব দুটি হাতি। আশ্রমের হাতিগুলোকে চিকিৎসাসেবা এবং বনে আচ্ছাদিত চারণভূমিতে বসবাসের সুযোগ দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য গ্লোবাল স্যাংচুয়ারি ফর এলিফ্যান্টস আশ্রমের এই জমি কিনে নিয়েছে ওই অঞ্চলের হাতিদের আশ্রয় দেওয়ার জন্য। তারা বলেছে, বন্ধ হয়ে চিড়িয়াখানা, সার্কাস দল কিংবা বিনোদনমূলক পরিবেশনায় প্রাণী ব্যবহার আইনের কারণে আশ্রয়হীন হয়ে যাওয়া হাতিগুলোকে এখানে নিয়ে আসা হবে।
বর্তমানে ওই আশ্রমে থাকা হাতি দুটোকে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অবৈধভাবে সার্কাসে তাদের ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। দ্য গ্লোবাল সাংচুয়ারি ফর এলিফ্যান্টস আশ্রমের ২ হাজার ৮০০ একর জমি ১০ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছে। পাঁচ বছর সময়ের মধ্যে তাদের এই অর্থ পরিশোধ করতে হবে। দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে না বলে জানা গেছে।