হেলফায়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাল কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলফায়ার মিসাইল নামে যুক্তরাষ্ট্রের একটি উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ওয়াশিংটনে ফেরত পাঠিয়েছে কিউবা। ২০১৪ সালের জুনে ভুলক্রমে ক্ষেপণাস্ত্রটি কিউবা চলে যায়। তবে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরকপূর্ণ ছিল না। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।
মূলত ন্যাটোর প্রশিক্ষণ মহড়ায় ব্যবহারের জন্য লেজারচালিত এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্রটি স্পেনে পাঠানো হয়েছিল। সেখান থেকে জার্মানি পাঠানো হয়। এরপর ফ্রান্সের প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর হয়ে ফ্লোরিডা ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত দেশটির বিমান সংস্থা এয়ার ফ্রান্সের একটি বিমানে কিউবার হাভানা চলে যায় সেটি। তখন থেকেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রটি ফেরত চাইছিলেন।
পুরোনো স্নায়ুযুদ্ধের দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনৈতিক সম্পর্ক প্রায় অর্ধশত বছর পর গত জুলাইতে জোড়া লাগে। অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাতেও কাজ করছে দুই দেশ। সম্পর্ক ইতিবাচক ধারায় টেনে নেওয়ার চেষ্টায় আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনর্বহালের ঘোষণাও আসতে পারে। এর মধ্যেই ক্ষেপণাস্ত্রটি ফেরত দিল কিউবা।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও কিউবার কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রটি ফেরত পাঠানোর কথা নিশ্চিত করেন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘কিউবা সরকারের সহযোগিতায় নিষ্ক্রিয় প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্রটি ফেরত এসেছে।’ কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই রকম কথা জানিয়েছে।