৩০ বছর পর স্মৃতি ফিরে পেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন কানাডার এডগার লাট্যুলিপ। দুর্ঘটনায় স্মৃতিশক্তি লোপ পাওয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এত দিন পর শিগগিরই আবার পরিবারের সঙ্গে মিলন হচ্ছে তাঁর। কারণ, নিজের পরিচয় হঠাৎ করেই মনে করতে পেরেছেন। এর মধ্যে পেরিয়ে গেছে ৩০টি বছর।
কানাডার সংবাদমাধ্যম গত বুধবার জানায়, অন্টারিও প্রদেশের প্রতিবন্ধী মানুষের একটি আশ্রম থেকে ১৯৮৬ সালে নিখোঁজ হন এডগার লাট্যুলিপ। তিনি একটি বাসে চড়েছিলেন। কিছুক্ষণ পর কোনোভাবে মাথায় আঘাত পান। পুলিশের ধারণা, ওই আঘাতেই তাঁর স্মৃতি এলোমেলো হয়ে যায়।
এরপর ভিন্ন পরিচয়ে নায়াগ্রা এলাকায় বসবাস শুরু করেন লাট্যুলিপ। দীর্ঘদিন পর গত মাসে একদিন হঠাৎ অতীত মনে পড়ে যায় তাঁর। একজন সমাজকর্মীকে বলেন সেই স্মৃতির কথা। ওই ব্যক্তিই খুঁজে বের করেন লাট্যুলিপ নামের এক নিখোঁজ যুবকের ব্যাপারে পুলিশি অনুসন্ধানের কথা। অবশেষে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এই সেই হারিয়ে যাওয়া লাট্যুলিপ।
নায়াগ্রা এলাকার পুলিশ কর্মী ফিলিপ গ্যাভিন দ্য স্টার পত্রিকাকে বলেন, ‘আমি ১৮ বছর ধরে পুলিশে কাজ করছি। এ রকম নিখোঁজ মানুষের সন্ধান পাওয়ার কাহিনি টিভিতে দেখেছি। তবে নিজে এ রকম ঘটনার অংশ হলাম এবারই প্রথম। সত্যিই এটা বিরল ঘটনা।’
এডগার লাট্যুলিপের মা অটোয়ার বাসিন্দা সিলভিয়া উইলসন বলেন, খবরটা পেয়ে তিনি ‘আনন্দে ভেসে গিয়েছিলেন’। বড় সন্তান এডগারকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।
উত্তর আমেরিকার নিখোঁজ ব্যক্তিদের নেটওয়ার্ক জানায়, লাট্যুলিপ মানসিকভাবে এখনো শিশু। তিনি আগে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। মা সিলভিয়া ধরে নিয়েছিলেন, ছেলে আর বেঁচে নেই।
হারিয়ে যাওয়ার পর নিজের পরিচয় বা ঠিকানা ভুলে যাওয়ার ঘটনা একেবারে বিরল নয়। যুক্তরাষ্ট্রে ২০০৪ সালে বেনজামিন কাইল নামের এক ব্যক্তিকে একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিংয়ে পাওয়া যায়। তিনি মনে করতে পারছিলেন না, কীভাবে সেখানে পৌঁছালেন। আর যুক্তরাজ্যের একটি সৈকতে ভেসে এসেছিলেন এক রহস্যময় জার্মান। সংগীতশিল্পে বিশেষ দক্ষ ওই মানুষটিও অতীত মনে করতে পারছিলেন না।
তবে গুরুতর অপরাধ বা প্রতারণামূলকভাবে বিমার অর্থ পাওয়ার লোভে ভুয়া স্মৃতিভ্রংশের রোগী সেজে থাকার নজিরও বিশ্বে আছে।