৩৬ বছর পর নাতির সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের সঙ্গে নানি এসতেলা কারলোতো। ছবি: এএফপি
সাংবাদিকদের সঙ্গে নানি এসতেলা কারলোতো। ছবি: এএফপি

‘সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্রষ্টা ও জীবনকে। তাঁকে আলিঙ্গন না করে আমি মরতে চাইনি।’
৩৬ বছর আগে চুরি হওয়া নাতিকে খুঁজে পেয়ে এভাবেই আবেগে ভাসছিলেন আর্জেন্টিনার এক বৃদ্ধা। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ৮৩ বছর বয়সী এসতেলা কারলোতো দীর্ঘ অপেক্ষার পর গতকাল মঙ্গলবার তাঁর নাতির খোঁজ পান।
এসতেলা একজন অধিকার-কর্মী। আর্জেন্টিনায় ১৯৭৬ থেকে ১৯৮৩ সালে সামরিক শাসনের সময় চুরি হওয়া শিশুদের সন্ধানে কাজ করছে তাঁর ‘গ্রান্ডমাদারস অব দ্য প্লাজা ডি মায়ো’ সংস্থাটি।
এসতেলা জানান, তাঁর মেয়ে লরা কারলোতো ছিলেন বামপন্থী বিদ্রোহী। ১৯৭৭ সালে তত্কালীন ডানপন্থী সামরিক সরকার তাঁকে গ্রেপ্তার করে। ওই সময় লরা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বন্দী অবস্থায় ১৯৭৮ সালের ২৬ জুন এক ছেলের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখা হয় গুইডো। দুই মাস পর লরাকে হত্যা করা হয়। পরে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মেয়ের লাশ পেলেও নাতিকে ফেরত পাননি এসতেলা। তখন থেকে নাতিকে খুঁজে বেরিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস ছিল, ছেলেটি বেঁচে আছে।
এক সামরিক কর্মকর্তা গুইডোকে নিয়ে যান। তাকে একটি পরিবারের কাছে দেওয়া হয়। সেখানে স্নেহ-যত্নে বেড়ে ওঠেন।
হারিয়ে যাওয়া মানুষদের শনাক্ত করতে আর্জেন্টিনায় গঠিত জাতীয় কমিশনের মাধ্যমে নাতির সন্ধান পান এসতেলা। সম্প্রতি ডিএনএ পরীক্ষায় ৩৬ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
নাতিকে দেখার জন্য মুখিয়ে আছেন ওই বৃদ্ধা। তাঁর সংগঠনের সদর দপ্তরে আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমি তাঁকে স্পর্শ করতে চাই। দেখতে চাই। স্বর্গ থেকে এ দৃশ্য দেখে নিশ্চয় হাসছে লরা।’
আর্জেন্টিনায় তত্কালীন সামরিক শাসনের সময় অন্তত ৩০ হাজার মানুষকে হত্যা বা গুম করা হয়। ওই সময় অনেক শিশু চুরি হয়ে যায়। চুরি হওয়া অনেক শিশুদের লালন-পালন করেন সামরিক ও পুলিশ কর্মকর্তারা। অন্য শিশুদের নিয়ে যায় তাদের পিতা-মাতার হত্যাকারীরা।
চুরি হওয়া ওই শিশুদেরকে উদ্ধারে কাজ করছে ‘গ্রান্ডমাদারস অব দ্য প্লাজা ডি মায়ো’ ও ‘মাদারস অব দ্য প্লাজা ডি মায়ো’ নামের দুটি সংগঠন।