৫৩ রাজনৈতিক বন্দীকেই মুক্তি দিয়েছে কিউবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ঐতিহাসিক চুক্তির আওতায় চিহ্নিত ৫৩ জন রাজনৈতিক বন্দীর সবাইকে মুক্তি দিয়েছে কিউবা। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে ‘অত্যন্ত ইতিবাচক অগ্রগতি’ আখ্যা দিয়েছে। খবর বিবিসির।
দীর্ঘদিনের বৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্কোন্নয়নে গত মাসে এক ঐতিহাসিক সমঝোতা হয়। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি বন্দীদের মুক্তির বিষয়টি প্রাধান্য পায়। এর আওতায় আগেই মার্কিন ঠিকাদার অ্যালান গ্রসকে কিউবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বিনিময়ে মার্কিন কারাগারে আটক থাকা কিউবার বেশ কয়েকজন গুপ্তচরকে মুক্তি দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী, কিউবা নিজেদের কারাগারে থাকা ৫৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছিল। গত কয়েক দিনে তাঁদের সবাইকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।