'কাস্ত্রোকে হত্যায় ব্যর্থ হয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিদেল কাস্ত্রো
ফিদেল কাস্ত্রো

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক গুপ্তচর আন্তোনিও ভেসিয়ানা কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে হত্যা ও সেখানকার কমিউনিস্ট সরকার উৎখাতের চেষ্টাকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। কাস্ত্রোবিরোধী এই কিউবান এখন বলেন, ‘কাস্ত্রোকে হত্যায় ব্যর্থ হয়েছি’। তাঁর জীবনটা এক ‘ব্যর্থতার কাহিনি’।

সহলেখক সাংবাদিক কার্লোস হ্যারিসনের সহযোগিতায় ভেসিয়ানা একটি বই লিখেছেন, যার নাম ট্রেইনড টু কিল। এতে নিজের ব্যর্থতা নিয়ে অসন্তোষের বর্ণনা আছে, তবে কোনো আফসোসের কথা নেই। ভেসিয়ানার ভাষ্য, ‘আমি সন্ত্রাসী হিসেবে অনুপযুক্ত ছিলাম। চিমসে, শ্বাসকষ্টের রোগীর মতো এবং নিরাপত্তার ভয়ে জর্জরিত থাকতাম।’

৮৮ বছর বয়সী ভেসিয়ানা যুক্তরাষ্ট্রের মায়ামিতে মেয়ের বাড়িতে বসে বলছিলেন, তিনি সন্ত্রাসীর কাজ করতেন। তবে সেটার অন্য নাম ছিল। নিজের বইয়ে তিনি লিখেছেন কীভাবে সিআইএর কর্মী ডেভিড ফিলিপস ১৯৫৯ সালে তাঁকে কাজ দিয়েছিলেন। হাভানায় গিয়ে কাস্ত্রোকে হত্যার জন্য প্রশিক্ষণও দেন ফিলিপস। সেই কাস্ত্রো গত বছর স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

ভেসিয়ানা একসময় কিউবার ন্যাশনাল ব্যাংকের হিসাবরক্ষকের কাজ করতেন। আর সিআইএর নির্দেশে দেশটিকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানা গুজব ছড়াতেন। এতে বহু মা-বাবা তাঁদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন। ভেসিয়ানা বলেন, মা-বাবা ও সন্তানদের এমন বিচ্ছেদ ঘটানোর নেপথ্যে কাজ করেছেন বলে তাঁর কোনো অনুতাপ নেই। কারণ, তখন তিনি ঠিক মনে করেই এ দায়িত্ব নিয়েছিলেন।