'ভালো' মশা দিয়েই ডেঙ্গু দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিস মশা
এডিস মশা

ব্রাজিলের রিওডিজেনেরিওর গবেষকেরা ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হাজার খানেক মশা ছেড়েছেন। গতকাল বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আশা করা হচ্ছে ওই মশাগুলো ব্যাপকহারে বংশবৃদ্ধির মাধ্যমে এদের সংখ্যা বাড়াবে। ফলে ডেঙ্গুজ্বরের উৎস কমবে। ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ইন্দেনেশিয়াতেও এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।‌

‘ব্রাজিল রিলিজেস “গুড” মসকিউটোস টু ফাইট ডেঙ্গু ফিবার’ শিরোনামে বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, উলবাচিয়া নামের ব্যাকটেরিয়াটি মশাকে সংক্রমিত করলেও মানুষের শরীরে এর সংক্রমণ হবে না।

ব্রাজিলে এই কর্যক্রমের নেতৃত্ব দিচ্ছে ফিওক্রুজ নামক একটি গবেষণা সংস্থা। ফিওক্রুজের গবেষক লুসিআনো মরিইরা বিবিসিকে জানান, ২০১২ সালে চালু হয়েছে প্রকল্পটি। তিনি বলেন, ‘রিও ডি জেনেরিওকে বেছে নেওয়ার পর এর চারটি অঞ্চলে আমাদের দল সাপ্তাহিক পরিদর্শন করছে। বিশেষ ফাঁদের মাধ্যমে মশা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে স্বচ্ছতা এবং বাড়িগুলো সম্পর্কে সঠিক তথ্যের ওপরই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।’

এ কার্যক্রমের আওতায় প্রথম কিস্তিতে রিওর দক্ষিণে টুবাচাঙ্গা অঞ্চলে চার মাস ধরে এই মশাগুলো ছাড়া হবে। প্রতি মাসে এখানে ১০ হাজার করে মশা ছেড়ে দেওয়া হবে।
উলবাচিয়া ব্যাকটেরিয়াটি শতকরা ৬০ ভাগ পোকামাকড়ের মধ্যে পাওয়া যায়। ডেঙ্গু বহনকারী এডিস মশাদের ক্ষেত্রে এটি ভ্যাকসিনের মতো কাজ করে। ব্যাকটেরিয়াটি এডিস মশার দেহে ডেঙ্গু ভাইরাসের বংশবৃদ্ধি থামিয়ে দেয়।
বংশবিস্তারের ক্ষেত্রেও উলবাচিয়া ব্যাকটেরিয়া ব্যাপক প্রভাব ফেলে। উলবাচিয়া আক্রান্ত নয়, এমন স্ত্রী মশার ডিম এই ব্যাকটেরিয়া আক্রান্ত পুরুষ মশা দ্বারা উর্বরতা লাভ করলে তা থেকে লাভা বা মশার বাচ্চা জন্ম নেবে না।
পুরুষ ও স্ত্রী মশার উভয়ই কিংবা শুধু স্ত্রী মশা এ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে পরবর্তী সব বংশধরই তাদের শরীরে উলবাচিয়া বহন করে।
ফলে, গবেষকেরা উলবাচিয়া আক্রান্ত আরও মশা ছাড়ার আগেই উলবাচিয়াবাহী এডিস মশার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
অস্ট্রেলিয়ায় গড়ে প্রতি ১০ সপ্তাহে একবার এমন ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে উলবাচিয়া নিয়ে গবেষণা শুরু হয়। ব্যাকটেরিয়াটি মানুষ এবং গবাদিপশুকে সংক্রমিত করে কি না, সেটা দেখতে গবেষকেরা পাঁচ বছর ধরে আক্রান্ত মশাগুলোকে তাঁদের নিজেদের শরীর থেকে রক্ত পান করতে দিয়েছেন।
পরবর্তী সময়ে আরও তিনটি প্রতিবেশী অঞ্চলে এই কার্যক্রম চালানো হবে । ২০১৬ সাল পর্যন্ত এ কার্যক্রমের ফলাফল নিয়ে আরও বৃহৎ পরিসরে গবেষণা করা হবে। ২০ বছরেরও বেশি সময় পরে ১৯৮১ সালে আবার ব্রাজিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়। পরবর্তী ৩০ বছরে সেখানে ৭০ লাখ লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়।
পৃথিবীতে ব্রাজিলেই এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ২০০৯-১৪ সাল পর্যন্ত সেখানে ৩২ লাখ লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে মারা গেছে ৮০০ জন।