যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও বিশ্বকাপে ইরানের জন্য মেক্সিকোর দ্বার খোলা

ইরান ফুটবল দলকে মেক্সিকোতে থাকার অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমছবি: রয়টার্স।

বিশ্বকাপ চলাকালে ইরানের ফুটবল দলকে মেক্সিকোতে থাকার অনুমতি দিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র দলটিকে নিজ দেশে থাকতে দিতে না চাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন।

শিনবাউম বলেন, বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হব; কিন্তু দেশটি ইরানের ফুটবল দলকে সেখানে থাকতে দিতে চায় না। এ কারণে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাঁর দ্বারস্থ হয়েছে।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, ‘তাদের (ইরানের ফুটবল দল) মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো কারণ আমাদের নেই।’ এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কিছু বলেনি।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ গত শনিবার বলেন, বিশ্বকাপ চলাকালে তাদের দলের বেজক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হবে।

মেহেদী তাজ আরও বলেন, ভিসা জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খেলোয়াড়েরা ইরান এয়ারের ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে যেতে পারবেন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
গ্রুপ জি-তে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।