টেক্সাসের সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে এফবিআই
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে আট বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। গত শুক্রবার রাতে অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফ্রান্সিসকো ওরোপেজা (৩৮) নামের এক ব্যক্তিকে খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গুলি চালানোর অনুশীলন নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তর্কবিতর্কের সময় তিনি তাঁদের হত্যা করেন।
এফবিআইয়ের এক চর বলেন, ‘ফ্রান্সিসকো ওরোপেজা নামের ওই ব্যক্তি সশস্ত্র ও বিপজ্জনক।’
পুলিশের ধারণা, গুলির শব্দে শিশুকে ঘুম পাড়ানো যাচ্ছিল না বলে ফ্রান্সিসকো ওরোপেজাকে থামতে বলেছিলেন তাঁর প্রতিবেশীরা। এ নিয়ে কথাকাটাকাটি থেকে তিনি গুলি চালান।
নিহত সবাই হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে। নিহতেরা হলো সোনিয়া আর্জেন্টিনা গুজম্যান (২৫), ডিয়ানা ভেলাকুয়েজ আলভারাদো (২১), জুলিসা মলিনা রিভেরা (৩১), হোসে জোনাথান কাসারেজ (১৮) ও ড্যানিয়েল এনরিকে লাসো (৮)।
এফবিআই হাউসটন স্পেশাল এজেন্ট ইন চার্জ জেমস স্মিথ বলেন, ‘বাইরে ঘুরে বেড়াচ্ছে খুনি। এটা মানুষের জন্য হুমকি।’
স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্রেগ ক্যাপার্স বলেন, ‘আমরা কুকুর, অশ্বারোহী বাহিনী ও ড্রোন দিয়ে খুনিকে ধরার চেষ্টা করছি। তিনি যেকোনো জায়গায় লুকিয়ে থাকতে পারেন।’
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে তারা নিপীড়ন নিয়ে অভিযোগ পেয়েছিলেন। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, ওরোপেজার প্রতিবেশীরা শিশুকে ঘুম পাড়ানোর জন্য তাঁকে থামতে বলেছিলেন। কিন্তু ওই সময় মাতাল ছিলেন ওরোপেজা। তিনি প্রতিবেশীদের ওপর গুলি চালান।
গুলি করা হয় এআর-১৫ বন্দুক থেকে। খুব কাছ থেকে তাদের গুলি করা হয়। হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এনরিকে রেইনা টুইট করে বলেন, এ অপরাধের ঘটনায় যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
যুক্তরাষ্ট্রে এমন হামলার ঘটনা নতুন নয়। কয়েক দিন আগে টেক্সাসেই একটি অনুষ্ঠানে বন্দুক হামলায় নয়জন আহত হন। আর দুই সপ্তাহ আগে আলাবামা অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলি করে চারজনকে হত্যা করা হয়।