যুক্তরাষ্ট্রে নজির গড়ছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: এএনআই

ঐতিহাসিক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মোদির এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ আমন্ত্রণে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রটোকল নিয়ে তিনি এই রাষ্ট্রীয় সফর করছেন। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

বাইডেনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। আজ কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ভারতীয়–আমেরিকানদের এক সভায়ও কথা বলবেন তিনি। রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন নরেন্দ্র মোদি। একসময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যাঁকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি, তাঁকেই সর্বোচ্চ কূটনৈতিক সম্মাননা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র এখন ভারতের প্রধানমন্ত্রীকে অতিগুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে।

তিন দিনের সফরে গত মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছান নরেন্দ্র মোদি। গতকাল বুধবার আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর প্রাঙ্গণে ১৩৫টি দেশের নাগরিকদের সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন তিনি। এ ছাড়া নিউইয়র্কেই ইলেকট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকের পর যত দ্রুত সম্ভব ভারতে টেসলার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন মাস্ক।

নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দুবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে চলেছেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুবার মার্কিন পার্লামেন্টে ভাষণ দেননি। এমনকি বিশ্বনেতাদের মধ্যেও এমন নজির বেশ কম। উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলার এমন নজির রয়েছে। তাই এর গুরুত্ব রয়েছে।’

গতকাল হোয়াইট হাউস জানিয়েছে, এই সফরে সমরিক সহযোগিতা, অস্ত্র ক্রয়, প্রযুক্তি খাতে বিনিয়োগসহ বিভিন্ন চুক্তির ঘোষণা আসতে পারে। এ ছাড়া এই প্রথম সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন মোদি। হোয়াইট হাউস জানিয়েছে, তাঁকে প্রশ্ন করার সুযোগ পাবেন সাংবাদিকেরা।

সাক্ষাৎকার দেওয়া ছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পর কখনো সংবাদ সম্মেলনে অংশ নেননি মোদি। ২০১৯ সালে একবার সংবাদ সম্মেলন করেছিলেন। তবে সেই সংবাদ সম্মেলনে প্রশ্ন নেননি তিনি।

চীনকে মোকাবিলা

মোদির সফর উপলক্ষে আল–জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, এমন এক সময় এই সফর হচ্ছে, যখন চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে দেশ দুটি নিজেদের সম্পর্ক জোরদার করছে। বাইডেন প্রশাসন বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নয়াদিল্লি সফর দুই দেশের অংশীদারত্বের মধ্যে নতুন গতি সঞ্চার করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের স্টাডিজ ডিরেক্টর ও সিনিয়র রিসার্চ ফেলো সারং শিদোর আল-জাজিরাকে বলেন, চীনকে নিয়ে যতক্ষণ নিজেদের অভিন্ন উদ্বেগ বজায় থাকবে, ততক্ষণ যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক শক্তিশালী হতে থাকবে। তিনি বলেন, নিঃসন্দেহে চীনা জাতীয়তাবাদ বাড়বাড়ন্ত। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কারণে ভারতকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবেই দেখছে চীন।