ট্রাম্প–মেলানিয়ার করোনা শনাক্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়েছে।রয়টার্স ফাইল ছবি।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেনে। এএফপির খবরে এ তথ্য জানা যায়। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিকস করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

এএফপির খবরে জানা যায়,  ট্রাম্প টুইটে জানান, ‘হোপ হিকস কোনো বিরতি না নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন। তিনি মাত্রই করোনায় শনাক্ত হয়েছেন। এটা ভয়ংকর!’
ট্রাম্প আরও বলেন, ‘ফার্স্ট লেডি ও আমি করোনাভাইরাস পরীক্ষার ফল আসার অপেক্ষায় আছি। ফল আসার আগে আমরা কোয়ারেন্টিনে থাকা শুরু করব।’

স্থানীয় সময় গত মঙ্গলবার ওহাইয়োতে টিভি বিতর্কে অংশ নেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে মেরিন ওয়ান হেলিকপ্টারে ভ্রমণ করেন তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিকস। হোয়াইট হাউসের সাংবাদিকরা জানান, হিকস ট্রাম্পের সঙ্গে ছিলেন।

এএফপির হিসাব অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে ৭২ লাখের বেশি সংক্রমিত হয়েছেন। মারা গেছে ২ লাখের বেশি।

হিকসকে গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে কোনো মাস্ক না পরে উড়োজাহাজ থেকে নামতে দেখা গেছে। একদিন পরই মিনেসোটায় তিনি ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেন।

বিভিন্ন সরকারি কর্মসূচিতে ট্রাম্পকে কর্মকর্তাদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায় না। তিনি মাস্কও পরতেন না।

ব্লুমবার্গ নিউজের খবর বলছে, হিকসের মধ্যে করোনার নানা উপসর্গ দেখা গিয়েছিল।মিনেসোটা থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরে হিকসের শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানাননি। মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জুড ডিরে বলেন, ট্রাম্প স্বাস্থ্যসুরক্ষার সব ব্যবস্থা মেনে চলছেন।

গত মে মাসে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলারের করোনা শনাক্ত হয়। পরে তিনি সুস্থ হন। একই মাসে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক সদস্যের করোনা শনাক্ত হয়।

হিকস হোয়াইট হাউসে যোগাযোগ বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন। এর আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করছিলেন।