নোবেল পুরস্কারের সাতকাহন
সুইডেনের স্টকহোম শহরের কনসার্ট হল। একেবারে কানায়–কানায় ভর্তি। পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্ঞানীগুণী মানুষের সমাবেশ। ঘন নীল কার্পেটে মোড়া বিশাল সুদৃশ্যম। একসারি গদি আঁটা লাল চেয়ারে বসে আছেন কালো লম্বা কোট পরা শান্ত সৌম্য কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক। ডান পাশে সুদৃশ্য কারুকার্যে শোভিত চেয়ারে বসে আছেন সুইডেনের রাজা কার্ল ওস্তাফ ও তাঁর পরিবার। পেছনে বসে আছেন বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি। এঁরা প্রত্যেকেই রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বা আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ ১০ ডিসেম্বর স্টকহোম কনসার্ট হলে। এ বিশেষ মহতী সভার আয়োজন হয়ে থাকে-যা আর কারও অজানা নয়। সে সভা নোবেল পুরস্কার বিতরণী সভা।
১৯৯৬ সালে ডিনামাইটের আবিষ্কারক স্যার আলফ্রেড নোবেলের মৃত্যুর পর তাঁর উইলের নির্দেশ অনুযায়ী নোবেলের বিশাল সম্পত্তির টাকা থেকে প্রতি বছর তাঁর মৃত্যুর দিন ১০ ডিসেম্বর স্টকহোম কনসার্ট হলে পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র, সাহিত্য ও শরীরবিদ্যা বা চিকিৎসায় নোবেলের এই পুরস্কার দেওয়া হচ্ছে সেই ১৯০১ সাল থেকে। পরবর্তীকালে ১৯৬০ সাল থেকে ব্যাংক অফ সুইডেন স্যার আলফ্রেড নোবেলেরই স্মৃতির উদ্দেশ্যে অর্থনীতি শাস্ত্রের ওপর এক বিশেষ পুরস্কার চালু করে। নোবেল ফাউন্ডেশনের সঙ্গে এই অর্থনীতি শাস্ত্রের পুরস্কারের কোনো সরাসরি যোগ না থাকলেও প্রথা অনুযায়ী অন্যান্য নোবেল পুরস্কারের সঙ্গে প্রতি বছর স্টকহোমে অর্থনীতির ওপরও পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাই চলতি কথায় একে আজ অর্থনীতির ওপর নোবেল প্রাইজ বলা হলেও আসলে এর নাম ব্যাংক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল।
নোবেল শান্তি পুরস্কার কিন্তু নরওয়ের নোবেল কমিটি দেয় না। নরওয়ের রাজধানী অসলো সিটি হলে ১৯০১ সাল থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠান হয়। নরওয়ের পার্লামেন্ট স্টরটিংপেট পাঁচজন সদস্যকে এই শান্তি কমিটিতে মনোনীত করে। এ পাঁচ সদস্যেই প্রতি বছর সম্পূর্ণ স্বাধীনভাবে নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করেন। নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠান নরওয়ের নোবেল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতো। ১৯৯০ সালে তা চলে অসলো সিটি হলে।
এদিকে নোবেল ফাউন্ডেশনের মূল অনুষ্ঠানটি ১৯২৬ সাল থেকে একই জায়গায় অর্থাৎ স্টকহোম কনসার্ট হলে আজ অবধি নিয়মিত হয়ে আসছে। কারা নির্বাচন করেন নোবেল পুরস্কার প্রাপকদের? পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র এবং অর্থনীতি শাস্ত্রের নোবেল পুরস্কার নির্ধারণ করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের জ্ঞানীগুণী সদস্যরা। চিকিৎসা বিদ্যার পুরস্কারের ভার ক্যারোলিনস্কো ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলির সদস্যদের ওপর ন্যস্ত। আর সুইডিশ অ্যাকাডেমির সদস্যদের রায়ে নির্বাচিত হয় সাহিত্যের পুরস্কার।
প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, জ্ঞানী-গুণী-পণ্ডিত মানুষজন, নানা দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে প্রত্যেকটি পুরস্কারের জন্য প্রায় এক শ থেকে আড়াই শ জনের নাম বিবেচনার জন্য নোবেল কমিটির কাছে আসে। প্রতি ফেব্রুয়ারি মাসের ১ তারিখের মধ্যে এই নমিনেশন প্রক্রিয়া শেষ হয়, তারপর চলে তীক্ষ্ণ পর্যালোচনা এবং পরে বাছ–বিচার। শেষে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ঘোষিত হয় সে বছরের নোবেল বিজয়ীদের নাম। পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয় ১০ ডিসেম্বর।
মূল অনুষ্ঠানে প্রথমেই রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির একজন বিশিষ্ট সদস্য একজন নোবেল জয়ীকে আহ্বান জানান পুরস্কার গ্রহণ করার জন্য। জয়ী ব্যক্তি উঠে দাঁড়িয়ে মঞ্চের মাঝখানে এলে অ্যাকাডেমির বিশিষ্ট সদস্যটি সবার উদ্দেশ্যে জয়ী ব্যক্তির নোবেল পুরস্কারের জয়ের বিশেষ কারণ ব্যাখ্যা করে তাঁর পরিচয় দেন। পরিচয় পর্বের পর জয়ী ব্যক্তির দিকে ফিরে তাঁর মাতৃভাষায় সুইডেনের রাজার কাছে থেকে নোবেল পুরস্কার গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানান। রাজার হাত থেকে পুরস্কার গ্রহণ করে এক-পা পিছিয়ে এসে নতমস্তকে প্রথমে রাজা ও রাজপরিবারকে সম্মান জানান ও পরে মঞ্চের পেছনে উপস্থিত অ্যাকাডেমি সদস্যদের উদ্দেশ্য কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেন। সবশেষে দর্শকদের দিকে ফিরে নতমস্তকে তাঁদের করতালি ও অভিবাদন গ্রহণ করেন।
এভাবেই পর পর শেষ হয় বিভিন্ন বিভাগের নোবেল পুরস্কার। রয়্যাল স্টকহোম হারমোনিক অর্কেস্ট্রার বাজানো সুইডিশ জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে রাজপরিবারের মঞ্চ থেকে প্রস্থানের পর শুরু হয় অন্তরঙ্গ আলাপচারিতা। ইতালির সানরেশো শহরে আলফ্রেড নোবেলের মৃত্যু হয়। তাই প্রতি বছর নোবেল পুরস্কার অনুষ্ঠানে স্টকহোম কনসার্ট হল সাজানো হয় সানরেস শহর থেকে পাঠানো শ্রদ্ধার্ঘ্য পুষ্পমঞ্জরী দিয়ে। আসলে নোবেল পুরস্কার প্রাপকেরা কী কী ঠিক পান? প্রতিটি পুরস্কারের অর্থমূল্য প্রতি বছর একটু ভিন্ন হয়। তবে গড়ে তা ১ দশমিক ৩ মিলিয়ন আমেরিকান ডলার। এ ছাড়া একটি সোনার মেডেল, যা সুইডিশ রয়্যাল মিন্টে তৈরি হয়। সুদৃশ্য চামড়ার খাপে মোড়ানো একটি ডিপ্লোমাও এর সঙ্গে থাকে। এই ডিপ্লোমাগুলো বিভিন্ন রঙ্গের চামড়ার খাপে মোড়ানো থাকে।
একাধিক জয়ী হলে পুরস্কারের অর্থমূল্য তাঁদের কাজের গুরুত্ব অনুযায়ী ভাগ হয়। প্রতি বছর যে নোবেল পুরস্কার প্রতি বিভাগে দেওয়া হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রতি পাঁচ বছরে একবার নোবেল পুরস্কার দিতে হবে, তা বাধ্য। নোবেল পুরস্কারের মাধ্যমে স্টকহোম শহরজুড়ে প্রায় ১৫ দিনের নোবেল উৎসবের সূচনা হয়। এতে অংশ নেন দেশ-বিদেশের অসংখ্য ছাত্র-ছাত্রী, বিজ্ঞানী, সাহিত্যিক শিল্পী ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ। চলে আলোচনা, সেমিনার ও এক্সিবিশন।
১০ ডিসেম্বর মূল অনুষ্ঠানের পর সন্ধ্যায় বসে এক বিশাল ভোজসভা। নোবেল বিজয়ীদের সম্মানে প্রায় হাজার দেড়েক লোকের খাবার আয়োজনে স্টকহোমের ব্লু হল উৎসবে মেতে ওঠে। এমন অনুষ্ঠানে নোবেল বিজয়ীসহ অতিথি অভ্যাগতরা নাচ ও সুরের তালে তালে নিজেদের মিলিয়ে দেন এক অনাবিল আনন্দে। সাধারণত জীবিত ব্যক্তিদেরই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। যদিও পুরস্কারের শ্রেষ্ঠত্ব নিয়ে বিভিন্ন সময়ে তর্ক-বিতর্ক হলেও আজও পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে মানুষের মনীষার শ্রেষ্ঠত্বের প্রতীক নোবেল পুরস্কার। এক চরম প্রাপ্তি, যার সমাদর জগৎব্যাপী।