বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা
মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা

বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদ্‌যাপন উপলক্ষে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি সন্ধ্যায় সোসাইটি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি কামাল আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী।
সভায় আয়োজনের প্রস্তুতি সম্পর্কে আগত অতিথিদের অবহিত করেন আহ্বায়ক কমিটির সদস্যরা। বক্তব্য রাখেন—সংগঠনের কার্যকরী সদস্য ও উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আজাদ বাকির, সদস্যসচিব এবং সংগঠনের স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, প্রধান সমন্বয়কারী ও কার্যকরী সদস্য মাইনুদ্দিন মাহবুব, সমন্বয়কারী ও কার্যকরী সদস্য সাদি মিন্টুসহ সংগঠনের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, ইতিমধ্যে প্রায় ৩০টি সংগঠন নির্ধারিত ফি দিয়ে নিজ নিজ সংগঠনের নাম নিবন্ধন করেছে। এ সময় প্রবাসের সব সংগঠনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে সংগঠনের নাম নিবন্ধন করতে হবে। প্রতি বছরের মতো এবারও নিবন্ধন ফি ১০০ ডলার করা হয়েছে। তবে এবার ব্যতিক্রমী একটি উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধনকৃত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি এবং নামসহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ প্রকাশনীতে দেওয়া হবে। এ ছাড়া যদি কেউ বিশেষ প্রকাশনীতে লেখা দিতে আগ্রহী হন তাহলে তাঁদের ৭ ফেব্রুয়ারির মধ্যে আহ্বায়ক কমিটির সঙ্গে যোগাযোগ করে তা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
প্রতি বছরের মতো বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবারও আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে যথাযোগ্য মর্যাদায় সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হবে।
এদিকে মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশাদ হোসেনের বাবা প্রয়াত পরান হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
প্রয়াত পরান হাওলাদার বিক্রমপুরের লৌহজং এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সময় ২৪ জানুয়ারি ভোরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর বড় ছেলে মো. নওশাদ হোসেন বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এবং বাংলাদেশ কার অ্যান্ড লিমোজিন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।