রানো নেওয়াজের একক সংগীত সন্ধ্যা
মৌলিক বাংলা গান গেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের বিমোহিত করলেন কণ্ঠশিল্পী রানো নেওয়াজ। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে গত ২৬ জুন অনুষ্ঠিত হয়ে গেল উত্তর আমেরিকার শ্রোতাপ্রিয় এ সংগীত শিল্পীর একক সংগীত সন্ধ্যা। গোল্ডেন এজ হোম কেয়ার ও শো-টাইম মিউজিক যৌথভাবে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে। এটি ছিল শিল্পী রানো নেওয়াজের দ্বিতীয় একক সংগীত সন্ধ্যা।
‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি’—দেশাত্মবোধক এ গানটি গেয়ে সংগীত সন্ধ্যার সূচনা করেন রানো নেওয়াজ। এরপর তিনি একে একে পরিবেশন করেন নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগান, ক্ল্যাসিক, পুরোনো দিনের বাংলা ছবির গান, পুরোনো হিন্দি ও পাঞ্জাবি গান, গজল, চট্টগ্রামের আঞ্চলিক গান, সিলেটি ভাষার আইলারে নয়া দামানসহ ২৫টি গান।
প্রায় পৌনে তিন ঘণ্টা সূরের মূর্ছনায় দর্শকদের বিমোহিত করেন এ শিল্পী। গানের তালে তালে দর্শকদের নাচে জমে উঠেছিল পুরো কুইন্স প্যালেস। এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন—বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, দিলরুবা খান ও রিজিয়া পারভিন।
সংগীত সন্ধ্যার কথামালায় অংশ নেন শো-টাইম মিউজিকের সভাপতি আলমগীর খান ও গোল্ডেন এজের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ নেওয়াজ। তাঁরা বলেন, ‘উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংগীত পিপাসুদের মৌলিক বাংলা গানের স্বাদ দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন।
সাংবাদিক আশরাফুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পী রানো নেওয়াজকে শুভেচ্ছা জানান রাইয়ান তাজ, লেমন চৌধুরী, নাজু আখন্দ, নিপা জামান, শেফালী, শামীম সিদ্দিকী, সারগাম, অনিক রাজ, চন্দ্রা রায়, সোহেল পারভেজ, প্রমি তাজ প্রমুখ। শুভেচ্ছা রাখেন—বাংলাদেশ ক্লাবের সভাপতি নূরুল আমিন, জেবিবির সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান। আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ সোসাইটির শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব ও ব্যবসায়ী আবু জাফর প্রমুখ। গান শুনে উপহার হিসেবে রানো নেওয়াজের হাতে একটি চেক তুলে দেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক সারওয়ার হাসান।