লাস ভেগাসে বাসে গুলিতে একজন নিহত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে আজ রোববার বাসে গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ বলছে, এ ঘটনায় সন্দেহভাজন একজন পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। হামলাকারীও ওই বাসে ছিলেন।

পুলিশ সাউথ লাস ভেগাসের বুলেভার্ডের একটি এলাকা বন্ধ করে দিয়েছে।

লাস ভেগাস পুলিশ বিভাগ এক টুইটে বলছে, বাসে থাকা সন্দেহভাজন হামলাকারী আত্মসমর্পণ করেছেন। তিনি পুলিশের হেফাজতে আছেন।

এর আগে পুলিশের মুখপাত্র ল্যারি হ্যাডফিল্ড সাংবাদিকদের বলেন, বাসের মধ্যে গোলাগুলি চলে। স্থানীয় গণমাধ্যম ইউএসএ টুডেতে হ্যাডফিল্ডের বরাত দিয়ে জানানো হয়, গুলিতে আহত দুজনকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে একজন মারা যান।

সহকারী শেরিফ টম রবার্টসের বরাত দিয়ে লাস ভেগাস রিভিউ জার্নালের খবরে বলা হয়, বাসের দ্বিতীয় তলায় সন্দেহভাজন ওই ব্যক্তি নির্বিচারে গুলি ছোড়েন।

পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী কোনো যোগসূত্র নেই। সন্দেহভাজন হামলাকারী মানসিকভাবে অসুস্থ বলে পুলিশের ধারণা।