লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড

লেগো দিয়ে বানানো বিশ্ব মানচিত্রের সঙ্গে দুই বন্ধু আথেনা লিওং (ডানে) ও সেভি সুইফটছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

লেগোর ছোট ছোট টুকরা। সংখ্যায় ১১ হাজার ৬৯৫। এগুলো জুড়ে তৈরি করেছেন পৃথিবীর মানচিত্র। এ জন্য সময় নিয়েছেন মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু এ কাজ করে গড়েছেন বিশ্ব রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তাঁদের।

লেগো হলো একধরনের খেলনা; যেখানে প্লাস্টিকের ব্লক একটার সঙ্গে আরেকটা জুড়ে বিভিন্ন কাঠামো, বাড়ি, গাড়ি, রোবটসহ যা খুশি বানানো যায়।

রেকর্ড গড়া দুই বন্ধু হলেন আথেনা লিওং ও সেভি সুইফট। ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডের ‘ব্রিক বাই ব্রিক টয়েজ’ নামের একটি দোকানে গত ১২ এপ্রিল তাঁরা এ চ্যালেঞ্জে অংশ নেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে মানচিত্রটি তৈরির জন্য সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে আথেনা ও সেভি নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা আগেই পুরো মানচিত্র তৈরি করে ফেলেন।

এ চ্যালেঞ্জে অংশ নেওয়ার আগে আথেনা ও সেভি প্রায় এক মাস ধরে লেগো দিয়ে বিশ্ব মানচিত্র তৈরির অনুশীলন করেছিলেন। ছোটবেলা থেকেই লেগোর প্রতি আথেনার আগ্রহ ছিল। সেভির সঙ্গে পরিচয়ের পর দুজনের মধ্যে লেগোর প্রতি ভালোবাসার মিল খুঁজে পান তাঁরা।

এ রেকর্ড গড়ার ধারণা প্রথম আথেনার মাথায় আসে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি বলেন, ‘ছোটবেলায় লেগো আমাকে নিজের কল্পনাশক্তি প্রকাশের সুযোগ করে দিয়েছিল। তখন নিজের ভাবনাগুলো বাস্তবে রূপ দেওয়ার মতো দক্ষতা বা উপকরণ আমার ছিল না। এক বছর আগে সেভির সঙ্গে পরিচয়ের পর লেগোর প্রতি আমাদের ভালোবাসাসহ আরও অনেক বিষয়ে আগ্রহের মিল খুঁজে পাই।’

এর আগে এককভাবে দ্রুততম সময়ে লেগো দিয়ে বিশ্ব মানচিত্র তৈরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি ফারকাশের দখলে। ২০২৩ সালে তিনি ৭ ঘণ্টা ৯ মিনিট ৪১ সেকেন্ডে কাজটি শেষ করেছিলেন। আথেনা ও সেভির দলীয় প্রচেষ্টা সেই সময়ের চেয়ে অনেক দ্রুত হলেও ক্ল্যারি ফারকাশের একক রেকর্ডটি এখনো বহাল আছে।