এশিয়া সফর শেষে ওয়াশিংটনে ফিরে ৭ ভুয়া দাবি করেছেন ট্রাম্প, প্রকৃত সত্য কী
এশিয়া সফর শেষে দেশে ফিরে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে একের পর এক অসত্য ও বিভ্রান্তিকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি তাঁর এই সফরকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে এশিয়ায় (মার্কিন) প্রেসিডেন্টদের অন্যতম সফল সফর’ বলে উল্লেখ করেন।
প্রায় ৯০ মিনিটের সংবাদ সম্মেলনে অর্থনীতি, অভিবাসন, অপরাধ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে নিজের সাফল্যের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে এসব বক্তব্যের অনেকগুলোই ছিল অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর। কিছু দাবি ছিল নতুন, আবার কিছু তিনি তাঁর দ্বিতীয় মেয়াদের পুরো সময়জুড়েই বারবার দাবি করে আসছেন।
ট্রাম্পের বক্তব্যের সত্যতা যাচাই করে দেখেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট। গুরুত্বপূর্ণ কয়েকটি দাবির তথ্য তুলে ধরা হলো।
জ্বালানি তেলের দাম নিয়ে বিভ্রান্তিকর দাবি
দাবি–১: ‘এক মাস আগের তুলনায় প্রতি গ্যালন পেট্রলের দাম ৬০ সেন্ট কমেছে। দাম দ্রুত আরও কমবে। শিগগিরই খুব কম দামে পেট্রল পাওয়া যাবে। ইরান যুদ্ধের আগে আইওয়ায় এক গ্যালন পেট্রলের দাম ছিল ১ ডলার ৮৫ সেন্ট।’
প্রকৃত তথ্য: নির্বাচনী প্রচারের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রতিশ্রুতি পূরণের প্রমাণ হিসেবে তিনি ইরান যুদ্ধ শুরুর আগে পেট্রলের দাম কম থাকার কথা তুলে ধরেন। কিন্তু আইওয়ার পেট্রলের দাম নিয়ে তাঁর দাবি আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) সংরক্ষিত তথ্যের সঙ্গে মেলে না।
এএএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি, অর্থাৎ ইরান যুদ্ধ শুরুর আগের দিন আইওয়ায় প্রতি গ্যালন সাধারণ পেট্রলের গড় দাম ছিল ২ ডলার ৬৩ সেন্ট। সে সময় যুক্তরাষ্ট্রে জাতীয় গড় দাম ছিল ২ ডলার ৯৮ সেন্ট।
এএএর হিসাবে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন সাধারণ পেট্রলের গড় দাম ৩ ডলার ৬৯ সেন্ট। এক মাস আগে এই দাম ছিল ৪ ডলার ২৭ সেন্ট। অর্থাৎ দাম কমেছে প্রায় ৫৮ সেন্ট। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের সময়ের তুলনায় এখন প্রতি গ্যালন পেট্রলের দাম ৫৬ সেন্ট বেশি। নির্বাচনী প্রচারের সময়জুড়ে তিনি নির্বাচনের পর পেট্রলের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
দাবি–২: ‘নির্বাচন শেষ হওয়ার পর থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমেছে। কীভাবে এমনটা হলো, তা ভাবছি। নভেম্বরের শুরু থেকে তেলের দাম ২০ শতাংশ কমেছে। এখন প্রতি ব্যারেলের দাম প্রায় ৮০ ডলার। ইতিহাসে তেলের দামের সবচেয়ে বড় পতনগুলোর একটি এটি।’
প্রকৃত তথ্য: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর থেকে তেলের দাম ২০ শতাংশ কমেছে, ট্রাম্পের এই দাবি ঠিক। এত অল্প সময়ে এ ধরনের দরপতন উল্লেখযোগ্য। তবে এটিকে ইতিহাসের অন্যতম বড় দরপতন বলার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্যের ঘাটতি রয়েছে। দীর্ঘ সময়ের হিসাবে তেলের দাম আরও অনেক বেশি কমেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০০৮ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে তেলের দাম কমেছিল ৭৯ শতাংশ।
যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত একটি পরিমাপক অনুযায়ী, শুক্রবার প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৮৩ ডলার ৫০ সেন্ট। ইরান যুদ্ধ শুরুর ঠিক আগের সময়ের তুলনায় এই দাম এখনো প্রায় ২৩ শতাংশ বেশি।
উৎপাদনে প্রবৃদ্ধি ও অপরাধ কমার দাবি
দাবি–৩: ‘টানা ১০ মাস ধরে উৎপাদন খাতে প্রবৃদ্ধি হচ্ছে, যা একটি রেকর্ড। নতুন সরঞ্জামে বিনিয়োগ এ বছর অবিশ্বাস্যভাবে ২১ শতাংশ বেড়েছে।’
প্রকৃত তথ্য: ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের (আইএসএম) উৎপাদনকারীদের ওপর চালানো মাসিক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কারখানাগুলো টানা ১০ মাস ধরে প্রবৃদ্ধির কথা জানিয়েছে। তবে এটি কোনো রেকর্ড নয়। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত টানা ৩৫ মাস প্রবৃদ্ধির রেকর্ড রয়েছে।
ফেডারেল রিজার্ভের সংকলিত কারখানার উৎপাদনসংক্রান্ত আরেকটি পরিমাপেও দেখা গেছে, গত ১০ মাসের মধ্যে ৯ মাসেই উৎপাদন বেড়েছে। শুধু আগস্ট মাসে উৎপাদন কমেছিল।
উৎপাদন খাতের এই উন্নতির বড় অংশের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো নির্মাণ। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রাংশ, শীতাতপনিয়ন্ত্রণ সরঞ্জাম, তারসহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। ডেটা সেন্টার নির্মাণের জন্য সেমিকন্ডাক্টর আমদানির ওপরও নির্ভর করতে হচ্ছে। এসব সেমিকন্ডাক্টরকে শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।
দাবি–৪: ‘ট্রাম্প প্রশাসনের অধীনে অপরাধ অনেক কমেছে। গত ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। হত্যাকাণ্ডের হার ১২৫ বছরের মধ্যে, অর্থাৎ ১৯০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।’
প্রকৃত তথ্য: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রকাশিত ২০২৫ সালের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে হত্যাকাণ্ডের হার গত ৭৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আগস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যাকাণ্ডের হার ছিল ৪ দশমিক ১ শতাংশ। ১৯৫৫ ও ১৯৫৬ সালের সঙ্গে এই হার সমান। ১৯০০ সালের পর এটিই সর্বনিম্ন হার।
তবে অপরাধ কমার এই প্রবণতার কৃতিত্ব শুধু ট্রাম্প প্রশাসনকে দেওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সাল থেকেই যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের হার কমছে। এর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা কঠিন। এফবিআইয়ের প্রতিবেদনে দেখা অপরাধ কমার পেছনে একাধিক কারণ থাকতে পারে।
দেশটির সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধের তথ্য দেয় না। অনেক সংস্থা স্বেচ্ছায় তথ্য সরবরাহ করে। এফবিআইয়ের প্রতিবেদনও এসব সংস্থার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
সম্পদ সৃষ্টি, যুদ্ধ বন্ধ ও অভিবাসন নিয়ে দাবি
দাবি–৫: ‘আমি ক্ষমতায় আসার পর থেকে দেশে নতুন করে ২৫ লাখ কোটি ডলারের সম্পদ সৃষ্টি হয়েছে।’
প্রকৃত তথ্য: যুক্তরাষ্ট্রে দেশি–বিদেশি বিনিয়োগ হিসেবে ২৫ লাখ কোটি ডলার নিশ্চিত করার কোনো প্রমাণ দেননি ট্রাম্প। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দেশ এবং হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তাঁর দাবি অতিরঞ্জিত ও অনুমাননির্ভর। প্রকৃত অঙ্কের তুলনায় এই দাবি অনেক বেশি।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া হিসাবও অনেক কম, ১১ লাখ ৪০ হাজার কোটি ডলার। তবে এই হিসাবের মধ্যে জো বাইডেনের প্রশাসনের আমলে করা কিছু বিনিয়োগের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে হয়।
দাবি–৬: যুদ্ধ বন্ধ করার কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এর মধ্যে আটটি যুদ্ধ বন্ধ করেছি।’
প্রকৃত তথ্য: ট্রাম্প প্রায়ই দাবি করেন, তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন। বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতা করলেও তাঁর ভূমিকা নিয়ে এতটা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। যেসব যুদ্ধ বন্ধ করার কৃতিত্ব তিনি দাবি করেন, তার অন্তত দুটি ক্ষেত্রে যুদ্ধই চলছিল না। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধও শুরু করেছেন তিনি।
দাবি–৭: বাইডেনের চার বছরের শাসনামলে ‘আড়াই থেকে তিন কোটি’ মানুষ যুক্তরাষ্ট্রে ঢুকেছেন।
প্রকৃত তথ্য: অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মানুষের সংখ্যা বোঝাতে ট্রাম্প প্রায়ই এই পরিসংখ্যান ব্যবহার করেন। তবে সংখ্যাটি অনেক বেশি বাড়িয়ে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় এক কোটির বেশি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তবে এটি যুক্তরাষ্ট্রে ঢোকা মানুষের সংখ্যা নয়, গ্রেপ্তারের সংখ্যা।
করোনা মহামারিকালে চালু আশ্রয়প্রার্থীদের বিষয়ে বিধিনিষেধের কারণে অনেকে একাধিকবার সীমান্ত পেরোনোর চেষ্টা করেছেন। মেক্সিকোতে ফেরত পাঠানোর ক্ষেত্রে তাঁদের কোনো আইনি পরিণতির মুখে পড়তে হতো না। ফলে গ্রেপ্তারের মোট সংখ্যার তুলনায় প্রকৃত মানুষের সংখ্যা কম।