চার দেশে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ব্যালট বক্স বিপ্লব, বিশ্বজুড়ে কী বার্তা দিচ্ছে

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ চলছে। ৩১ অক্টোবর ২০২৬ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে গত দুই সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে। এসব ভোটে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী নেতারা। এতে নতুন করে আশা জেগেছে, গণতন্ত্রকে যতটা দুর্বল মনে করা হচ্ছিল, তার ঘুরে দাঁড়ানোর সামর্থ্য হয়তো তার চেয়ে বেশি।

ব্রাজিল, সার্বিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে আলাদা পরিস্থিতিতে। প্রতিটি দেশের নিজস্ব কিছু বিষয়ও ফলাফলে প্রভাব ফেলেছে। তবে চারটি নির্বাচনই দেখিয়েছে, তৃণমূলের মানুষ সংগঠিত হলে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারেন। স্বৈরশাসক হয়ে ওঠার পথে থাকা নেতাদের ঠেকানো যায়। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও হয়তো এভাবে উল্টো দিকে ঘুরতে শুরু করতে পারে।

ব্রাজিলে গত ২৫ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি বেড়ে যায়। এর পেছনে ছিল মাঠপর্যায়ের সক্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশলী ব্যবহার। ফলে দেশটির ওপর নিয়ন্ত্রণ আরও পোক্ত করার সুযোগ হারায় কট্টর ডানপন্থী আন্দোলন। অথচ মাত্র তিন সপ্তাহ আগে তারা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও অনেকটা এগিয়ে গিয়েছিল।

একই দিন কয়েক হাজার কিলোমিটার দূরের সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন তৃণমূলের আন্দোলন অপ্রত্যাশিতভাবে জয় পায়। হেরে যায় এমন এক শাসকগোষ্ঠী, যারা ১৪ বছর ধরে গণতান্ত্রিক রীতিনীতি ক্রমাগত লঙ্ঘন করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। জয়ের ব্যবধান এতটাই বড় ছিল যে বিদায়ী নেতা আলেকসান্দার ভুচিচ বলপ্রয়োগে ফল বাতিলের কথা ভেবে থাকলেও তা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

এর দুই দিন পর ইসরায়েলে হওয়া নির্বাচনের ফল অবশ্য এতটা স্পষ্ট ছিল না। তবে এতে তিন দশক ধরে দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারান। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আনা এবং সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার চেষ্টার বিরুদ্ধে ভোটারদের অসন্তোষ ফুটে ওঠে এই ফলে।

নেতানিয়াহুকে সরাতে চাওয়া মূলধারার বিরোধী শিবিরের ইহুদি দলগুলো এসব গণতান্ত্রিক রীতি ফিরিয়ে আনতে আগ্রহী। কিন্তু সরকার গড়তে আরব–ইসরায়েলি দলগুলোর সঙ্গে তারা কতটা সহযোগিতা করতে প্রস্তুত, নির্বাচনের ১০ দিনের বেশি পরও তা স্পষ্ট নয়।

আরব দলগুলোর সমর্থন বেড়ে যাওয়াই ছিল এই নির্বাচনের সবচেয়ে বড় চমক। ইসরায়েলের নাগরিকত্ব থাকা ফিলিস্তিনিদের ভোটার উপস্থিতি দ্বিগুণ হওয়া এতে ভূমিকা রেখেছে। তবে নেতানিয়াহু বিদেশি অর্থায়ন ও ভোট কেনার অভিযোগ তুলে তাদের সাফল্য প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এসব অভিযোগের পক্ষে প্রমাণ নেই। অন্যদিকে নেতানিয়াহুর পাশাপাশি বিরোধী শিবিরের কিছু ইহুদি নেতাও আরবদের সঙ্গে মিলে সরকার গঠনের বিষয়ে অনীহা দেখাচ্ছেন।

দ্বিতীয় দফার ভোট ছিল ব্রাজিলের সমাজের পক্ষ থেকে কট্টর ডানপন্থাকে ‘না’ বলার লড়াই। সারা দেশে মানুষ নিজ নিজ জায়গা থেকে সংগঠিত হয়েছিলেন। আমার মতে, এটি বামপন্থীদের জয় ছিল না। এটি ছিল গণতন্ত্রের জয়।
মিগেল লাগো, রাষ্ট্রবিজ্ঞানী, ব্রাজিল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলও এই তিন দেশের ভবিষ্যৎ গতিপথে প্রভাব ফেলবে। ১০ দিনের ব্যবধানে এ চার দেশে নির্বাচন হয়েছে। যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবারের নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে বিরোধী ডেমোক্র্যাটরা ব্যাপক জয় পান। এ ফল ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরের গতিপথ অনেকটা বদলে দেবে।

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কয়েক প্রজন্ম ধরে রিপাবলিকানদের ঘাঁটি হয়ে থাকা অনেক অঙ্গরাজ্যেও তারা জয় পেয়েছেন।

ভোটারদের এই জবাবের তীব্রতা ট্রাম্পকে দুর্বল করেছে। ফল প্রকাশের পরপরই তাঁর রিপাবলিকান পার্টিতে বিভাজন দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে সুস্থ অবস্থায় ফেরানো নতুন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ডেমোক্র্যাটদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। কারণ, ট্রাম্প ও তাঁর মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা আন্দোলন গত দুই বছরে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে কিছুটা হলেও রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলের একটি আন্তর্জাতিক তাৎপর্য আছে। এতে দেশটির গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা একটি সরকারের পক্ষে অন্য দেশে একই ধরনের সরকারকে উৎসাহ ও সহায়তা দেওয়ার ক্ষমতা কমে যায়।

ব্রাজিল

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় বড় ধাক্কা খেয়েছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। কিন্তু দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে অসাধারণভাবে ঘুরে দাঁড়ান তিনি। প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে নজিরবিহীনভাবে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচিত হন।

ব্রাজিলের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী মিগেল লাগোর মতে, এই ফল মূলত লুলার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে আসেনি। প্রথম দফাতেই তাঁর ব্যক্তিগত আবেদনের সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছিল।

লাগো বলেন, ‘দ্বিতীয় দফার ভোট ছিল ব্রাজিলের সমাজের পক্ষ থেকে কট্টর ডানপন্থাকে “না” বলার লড়াই। সারা দেশে মানুষ নিজ নিজ জায়গা থেকে সংগঠিত হয়েছিলেন। আমার মতে, এটি বামপন্থীদের জয় ছিল না। এটি ছিল গণতন্ত্রের জয়।’

ফ্লাভিও বলসোনারো স্পষ্ট করেছিলেন, জিতলে তাঁর প্রথম কাজ হবে বাবা জইর বলসোনারোকে কারাগার থেকে মুক্ত করা। সাবেক এ প্রেসিডেন্ট চার বছর আগে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এরপর বিচার বিভাগের ওপর প্রতিশোধ নেওয়া এবং চরম ডানপন্থী কর্তৃত্ববাদী রাষ্ট্র গড়ার পরিকল্পনা ছিল বলসোনারো পরিবারের।

বাবার মতো ফ্লাভিওও নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানান। তবে বাবার মতো বলপ্রয়োগে ফল উল্টে দেওয়ার চেষ্টা করেননি। তিনি যুক্তরাষ্ট্রের মায়ামিতে চলে যান। সেখান থেকেই জাতীয় নেতা হিসেবে নিজের অবস্থান জাহির করে চলেছেন।

বলসোনারো পরিবারের হাতে দ্বিতীয়বার প্রেসিডেন্টের ক্ষমতা গেলে সেই সরকার প্রথমবারের চেয়েও শক্তিশালী হতো। কারণ, কংগ্রেসে তাদের অনুগত ও সুসংহত সংখ্যাগরিষ্ঠতা থাকত।

লাগোর ভাষায়, সেটি হতো ‘একটি কট্টর ডানপন্থী সরকার। অত্যন্ত ক্ষমতাধর কট্টর ডানপন্থী সরকার’।

বাবার মতো ফ্লাভিওও নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানান। তবে বাবার মতো বলপ্রয়োগে ফল উল্টে দেওয়ার চেষ্টা করেননি। তিনি যুক্তরাষ্ট্রের মায়ামিতে চলে যান। সেখান থেকেই জাতীয় নেতা হিসেবে নিজের অবস্থান জাহির করে চলেছেন।

এক বলসোনারো দেশের বাইরে, অন্যজন কারাগারে। এতে লুলা কিছুটা স্বস্তির সুযোগ পেয়েছেন। তবে সেই সুযোগ সীমিত। কংগ্রেস তাঁর বিরুদ্ধে। পরাজিত রাজনৈতিক শিবিরের অনুগত অনেক গভর্নরও নিজ নিজ অঙ্গরাজ্যের ক্ষমতায় আছেন। তা সত্ত্বেও ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাৎক্ষণিক হুমকি আপাতত কেটেছে।

সার্বিয়ার বেলগ্রেডের স্লাভিয়া স্কয়ারে ‘স্টুডেন্ট লিস্ট’-এর বিজয় উদ্‌যাপন করছেন সমর্থকেরা
ফাইল ছবি: রয়টার্স

সার্বিয়া

দুই বছর ধরে বিক্ষোভের মাধ্যমে ভুচিচ সরকারকে জবাবদিহির মুখে রেখেছিলেন সার্বিয়ার শিক্ষার্থীরা। কিন্তু ২৫ অক্টোবর তাঁদের আন্দোলন যে এত বিপুল ভোটে রূপ নেবে, তা পুরোপুরি আঁচ করতে পারেননি তাঁরাও।

অধ্যাপক, কৃষক ও পেশাদার রাজনীতির বাইরের নানা মানুষকে নিয়ে গড়া প্রার্থীজোট ‘স্টুডেন্ট লিস্ট’ জাতীয় পরিষদের ২৫০ আসনের মধ্যে ১৪০টি জিতেছে। ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি বা এসএনএস ১০৩টি আসন নিয়ে অনেকটা পিছিয়ে দ্বিতীয় হয়েছে।

রাজপথের শক্তি এভাবে রাজনৈতিক ক্ষমতায় রূপ নেওয়ায় শুধু সার্বিয়ায় নয়, ইউরোপের বলকান অঞ্চল এবং তার বাইরেও আলোড়ন উঠেছে।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক স্লোবোদান মার্কোভিচ বলেন, গত দুই বছরের ছাত্র আন্দোলন গড়িয়ে নামা তুষারপিণ্ডের মতো ক্রমেই বড় হয়েছে।

মার্কোভিচের ভাষায়, ‘শিক্ষার্থীরা প্রায় প্রতিটি বাড়িতে গেছেন। মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন, পরিবর্তন সম্ভব।’

মার্কোভিচের মতে, এই বিশ্বাস এমন মানুষকেও ভোট দিতে টেনেছে, যাঁরা আগে ভোট দিতেন না। সে কারণেই সরকারবিরোধী ঢেউ কত বড় হতে যাচ্ছে, তা খুব কম মানুষই বুঝতে পেরেছিলেন।

শোনা যাচ্ছে, ফল কাছাকাছি হলে অভ্যুত্থানের কথা বিবেচনা করেছিলেন ভুচিচ। তাঁর দল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ সত্য হলেও বিরোধীদের দমন করতে তিনি পুলিশের ওপর কতটা ভরসা করতে পারতেন, তা নিয়ে প্রশ্ন আছে।

মার্কোভিচ বলেন, ‘আমার মনে হয়, সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল। সরকারের কাছেও তার গোয়েন্দা তথ্য ছিল। ভুচিচ পরাজয় মেনে নেওয়ার আধা ঘণ্টার মধ্যে পুলিশ কার্যত সরে যায়। অনেক জায়গায় তারা বিরোধীদের জড়িয়েও ধরে।’

মাথাপিছু পিএইচডি ডিগ্রির সংখ্যা দিয়ে বিচার করলে নতুন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ পক্ষকে বিশ্বের সবচেয়ে উচ্চশিক্ষিত বলা হচ্ছে। দীর্ঘদিন এক দলের শাসনে দুর্বল হয়ে পড়া সার্বিয়াকে নতুন করে গড়তে তাঁদের সব সামর্থ্যই কাজে লাগাতে হবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার জয়ের আনন্দ উদ্‌যাপন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে গণতন্ত্র, ব্রাজিলের সার্বভৌমত্ব ও আদিবাসীদের অধিকারের পক্ষে সমাবেশ করেন তাঁরা। রিও ডি জেনিরোতে
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল

ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচনকেও গণতন্ত্র ও গণতান্ত্রিক রীতিনীতির জয় বলা যায়। তবে এর সঙ্গে অনেক সীমাবদ্ধতা জড়িয়ে আছে।

পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসন ৬৮ থেকে ৫৩টিতে নেমে এসেছে। কিন্তু মূলধারার বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন।

বড় জয় পেয়েছে আরব–ইসরায়েলি জয়েন্ট লিস্ট জোট ও রাআম পার্টি। তারা যথাক্রমে ১১ ও ৮টি আসন পেয়েছে। এতে নেসেটে আরব–ইসরায়েলিদের প্রতিনিধিত্ব প্রায় দ্বিগুণ হয়েছে। তাদের এখন আর উপেক্ষা করার সুযোগ নেই।

কিন্তু অবসরপ্রাপ্ত জেনারেল গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইহুদিবাদীবিরোধী জোট আরবদের সঙ্গে সমঝোতায় প্রবল অনীহা দেখাচ্ছে। তবে তাদের সঙ্গে সমঝোতা হলে নেতানিয়াহুবিরোধী সংখ্যাগরিষ্ঠতা একটি সরকারে রূপ নিতে পারে। আরবদের সঙ্গে মিলে সরকার করা নিয়ে যে অস্বস্তি ও অচলাবস্থা, তা ইসরায়েলের গণতন্ত্রের অর্জনের সীমা দেখিয়ে দিচ্ছে।

মার্কিন–ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শেইন্ডলিন বলেন, ‘ইসরায়েলের আরব নাগরিকেরা এ অঞ্চলের সবচেয়ে গণতন্ত্রমনা জনগোষ্ঠী। বহু বছর ধরে নাগরিক স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকারের সবচেয়ে জোরালো সমর্থক তাঁরা।’

শেইন্ডলিনের ভাষায়, বিরোধী জোট মনে করে, নেতানিয়াহুর সরকার ইসরায়েলকে স্বৈরতান্ত্রিক ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের ভয়, এতে বহু বছরের সংগ্রামে অর্জিত ব্যক্তিস্বাধীনতা সীমিত হবে। নারী–পুরুষের সমতা, সমকামীসহ যৌন ও লিঙ্গগত সংখ্যালঘুদের অধিকার এবং রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক রাখার মতো বিষয়গুলো এর মধ্যে পড়ে। ইসরায়েলি ইহুদিরা এসবকেই গণতন্ত্র হিসেবে দেখেন।

সার্বিয়ায় শিক্ষার্থীরা প্রায় প্রতিটি বাড়িতে গেছেন। মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন, পরিবর্তন সম্ভব।
স্লোবোদান মার্কোভিচ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, বেলগ্রেড বিশ্ববিদ্যালয়

তবে শেইন্ডলিনের মতে, গণতন্ত্রের এই ধারণায় ফিলিস্তিনিদের অধিকার নিয়মিত লঙ্ঘিত হওয়ার বিষয়টি জায়গা পায় না।

এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘তাঁরা (ইসরায়েলের গণতন্ত্রীরা) দখলদারির বিষয়টি বাদ দিয়ে দেন। এটি কেবল একটি কলঙ্ক নয়। গণতান্ত্রিক চর্চা ও প্রতিষ্ঠানসংক্রান্ত সবকিছুর সঙ্গেই এর মৌলিক বিরোধ রয়েছে।’

আইজেনকটের জোট ও আরব–ইসরায়েলি দলগুলোর মধ্যে যেকোনো সমঝোতার সম্ভাবনা বন্ধ করতে চাইছেন নেতানিয়াহু। আরব দলগুলো এত ভোট কীভাবে পেল, তা নিয়ে তদন্ত শুরু করে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তিনি। অবৈধ কাতারি অর্থায়নেরও ইঙ্গিত দিয়েছেন।

প্রমাণহীন এই উদ্যোগকে ইসরায়েলের কিছু সংবাদমাধ্যম ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে সমালোচনা করেছে।

এই চেষ্টা ব্যর্থ হতে পারে। আইজেনকট হয়তো সংখ্যালঘু সরকারও গড়তে পারেন। তাতে রাআম সরকারে থাকতে পারে। জয়েন্ট লিস্ট বাইরে থেকে সমর্থন দিতে পারে। কিন্তু এমন জোটও ইসরায়েলের গণতন্ত্রকে সংস্কার করতে কত দূর যেতে পারবে, তার সীমা রয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা সীমিত করে পাস করা কিছু আইন বাতিলের চেষ্টা করতে পারে নতুন সরকার। তারা কয়েকজন পুলিশপ্রধানকে সরাতে পারে। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতির সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে। কিন্তু দখলদারি বহাল থাকবে। গাজার প্রায় ৭০ শতাংশ এলাকার ওপর সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণও বজায় থাকবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর টেক্সাসের অস্টিনে নির্বাচনী রাতের সমাবেশে সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর জেমস তালারিকো। ৩ নভেম্বর ২০২৬
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র

মঙ্গলবারের ভোটে ডোনাল্ড ট্রাম্প মার্কিনদের এমনভাবে ভোট দিতে বলেছিলেন, যেন ব্যালটে তাঁর নিজের নামও রয়েছে। ভোটাররা ঠিক সেভাবেই ভোট দিয়েছেন।

অর্থাৎ ট্রাম্প নিজে প্রার্থী না হলেও ভোটাররা যেন তাঁকে বিবেচনায় রেখেই ভোট দিয়েছেন। নির্বাচনের ফলাফলে ট্রাম্পের প্রতি ভোটারদের গভীর অসন্তোষের প্রতিফলন ঘটেছে। ডেমোক্র্যাটরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। কয়েক দশক ধরে যেসব অঙ্গরাজ্যে দলটি জয় পায়নি, সেখানেও ভালো ফল করেছে তারা। ফলে কংগ্রেসের দুই কক্ষেই এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

এই ভোটের প্রধান চালিকা শক্তি ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা। জীবনযাত্রার ব্যয় মেটাতে দেশটির মানুষের হিমশিম খাচ্ছিল। অথচ প্রেসিডেন্ট এই সংকটকে ‘ধাপ্পা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

ট্রাম্প প্রেসিডেন্টের হাতে বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন। ভোটারদের উদ্বেগের তালিকায় বিষয়টি সবার ওপরে ছিল না। কিন্তু নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস কিছু অর্জন করতে চাইলে এক ব্যক্তির হাতে এত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করার বিষয়টি মোকাবিলা করতে হবে।

নতুন সংখ্যাগরিষ্ঠতা বেশ শক্তিশালী। তবে প্রেসিডেন্ট কোনো বিল ভেটো দিয়ে আটকে দিলে তা অতিক্রম করতে দুই কক্ষে যে দুই-তৃতীয়াংশ সমর্থন লাগে, তা ডেমোক্র্যাটদের নেই। সিনেটে ‘ফিলিবাস্টার’ ঠেকাতে প্রয়োজনীয় ৬০ ভোটও নেই। ফিলিবাস্টার হলো দীর্ঘ বিতর্কসহ প্রক্রিয়াগত কৌশলে কোনো বিলের সিদ্ধান্ত আটকে রাখা। সাধারণত সেই বাধা কাটিয়ে বিতর্ক শেষ করতে ৬০ ভোট প্রয়োজন হয়।

রাজপথের শক্তি এভাবে রাজনৈতিক ক্ষমতায় রূপ নেওয়ায় শুধু সার্বিয়ায় নয়, ইউরোপের বলকান অঞ্চল এবং তার বাইরেও আলোড়ন উঠেছে।

ডেমোক্র্যাটরা হোয়াইট হাউসের পছন্দের আইন আটকে দিতে পারবেন। কিন্তু নিশ্চিন্তে নিজেদের উদ্যোগে আইন পাস করতে পারবেন, এমন কথা জোর দিয়ে বলা যায় না।

ডেমোক্র্যাটরা অর্থ বরাদ্দ বন্ধ রাখার চেষ্টা করতে পারেন। কিন্তু সরকারি অর্থ বরাদ্দ ও ব্যয় নিয়ন্ত্রণে কংগ্রেসের যে ক্ষমতা থাকার কথা, ট্রাম্পের হোয়াইট হাউস তাকে খুব একটা গুরুত্ব দেয় না।

নতুন সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসে নানা বিষয়ে শুনানি করতে পারবে। তদন্ত শুরু করতে পারবে। কমিটির সামনে হাজির হতে কর্মকর্তাদের বাধ্যতামূলক তলবও করতে পারবে। তবে সেই তলবও উপেক্ষা করা হতে পারে।

কর্তৃত্ববাদী শাসনের পর রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রভাবমুক্ত করা কত কঠিন, হাঙ্গেরি ও পোল্যান্ডের বিরোধীরা তা হাড়াহাড়ে টের পেয়েছেন। শিগগিরই সার্বিয়ার নতুন নেতৃত্বকেও একই অভিজ্ঞতার মুখে পড়তে হতে পারে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের জন্যও কাজটি সম্ভবত ততটাই কঠিন হবে।

‘টেন স্টেপস টু রিপেয়ার আমেরিকান ডেমোক্রেসি’ বইয়ের লেখক স্টিভেন হিল বলেন, নির্বাহী আদেশ, আদালতকে উপেক্ষা, বিচার বিভাগের মামলা ও হুমকি, একতরফা শুল্ক, ইরানের সঙ্গে অঘোষিত যুদ্ধ এবং বেছে বেছে বিরোধীদের প্রকাশ্যে অপমান করার মাধ্যমে ট্রাম্প একজন ‘মার্কিন ফারাওয়ের’ মতো আচরণ করেছেন। অর্থাৎ প্রাচীন মিসরের সর্বময় ক্ষমতাধর শাসকদের মতো ক্ষমতা প্রয়োগ করেছেন। নিজের দলের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসকেও প্রায় সময় উপেক্ষা করেছেন।

হিল বলেন, ‘গত দুই বছরের দুঃস্বপ্নের যতটা সম্ভব বদলে দেওয়া ও তার প্রভাব কাটানোই ডেমোক্র্যাটদের কাজ। কিন্তু বাস্তবে তা করা হয়তো এত সহজ হবে না।’