ফ্লোরিডায় নেতানিয়াহুকে স্বাগত জানানোর অপেক্ষায় ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফ্লোরিডার পাম বিচে নিজের রিসোর্টে ‘আমন্ত্রণ জানিয়েছেন’ রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার এই দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজেই গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছেন।
ট্রাম্প লেখেন, ‘বিবি নেতানিয়াহুকে ফ্লোরিডার পাম বিচের মার–আ–লাগোতে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
নেতানিয়াহুকে সংক্ষেপে ‘বিবি’ নামে ডাকা হয়।
ওয়াশিংটন সফরে আসছেন নেতানিয়াহু। আজ বুধবার মার্কিন কংগ্রেসের কাছে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন করে সামরিক সহায়তা চাইবেন বলে ধারণা করা হচ্ছে।
এই সফরের সময় ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠক করার জন্য নেতানিয়াহুকে অনুরোধ জানানো হয় বলে গত সোমবার খবর প্রকাশ করেছে পলিটিকো।
এ বিষয়ে জানতে রয়টার্স থেকে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা মন্তব্য করতে রাজি হয়নি।
ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় নেতানিয়াহুর সঙ্গে তাঁর গভীর মিত্রতা ছিল। তবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর এই দুই নেতা আর মুখোমুখি হননি।
মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের খবর দেওয়া ছাড়াও ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি চিঠি পোস্ট করেন। চিঠিটি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের লেখা।
পেনসিলভানিয়ায় সমাবেশ চলাকালে ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পরদিন মাহমুদ আব্বাস ট্রাম্পকে ওই চিঠি লেখেন।
ট্রাম্পের পোস্ট করা ওই চিঠিতে আব্বাস রিপাবলিকান দলের প্রার্থীর ‘দৃঢ়তা ও নিরাপত্তা’ কামনা করেন।
একই পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের এবং মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কাজ করার অপেক্ষায় আছেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর বাইডেনের জয় ঘোষণার পর তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। বরং তিনি দাবি করেছিলেন, প্রতারণার মাধ্যমে তাঁকে পরাজিত করা হয়েছে।
সেবার নেতানিয়াহু বাইডেনকে জয়ের জন্য শুভেচ্ছা জানালে ট্রাম্প তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন।
নেতানিয়াহু তাঁর যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করবেন। গাজা যুদ্ধে দৃঢ়ভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বাইডেন।
গত রোববার বাইডেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বাইডেন সরে দাঁড়ানোয় কমলা হ্যারিস ডোমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে প্রবেশ করেছেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন।
বেশির ভাগ বিশ্লেষক বিশ্বাস করেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে নেতানিয়াহু গাজা যুদ্ধে বিনা বাধায় যা খুশি তাই করার সুযোগ পাবেন।
ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক মতাদর্শ প্রায় এক এবং ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ইসরায়েলের দীর্ঘদিনের দাবি মেনে তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেন।
গত বছর ৭ অক্টোবর গাজা থেকে হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালানোর পর ট্রাম্প নেতানিয়াহুর সমালোচনা করে বলেছিলেন, তিনি দেশের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলের অবশ্যই যত দ্রুত সম্ভব হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করে আনা এবং গাজা যুদ্ধ শেষ করা উচিত।