তাঁর পরকীয়ার তথ্য ব্যবহার করে তাঁকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন এপস্টিন: কংগ্রেসকে বিল গেটস

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে হাউস ওভারসাইট কমিটির শুনানিতে অংশ নিতে ক্যাপিটল হিলে উপস্থিত হন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ১০ জুন ২০২৬, ওয়াশিংটনছবি: এএফপি

মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, জেফরি এপস্টিনের অপরাধ সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। এপস্টিন তাঁর ব্যক্তিগত জীবনের তথ্য, বিশেষ করে তাঁর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত না থাকার বিষয়টি ব্যবহার করে তাঁর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন। গতকাল বুধবার হাউস ওভারসাইট কমিটির সদস্যদের সামনে এমন কথা বলেছেন বিল গেটস।

বিল গেটস হাউস ওভারসাইট কমিটির শুনানিতে উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘আমি এপস্টিনকে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখিনি, এর কোনো আভাসও পাইনি। আমি কখনো তাঁর দ্বীপ, তাঁর খামারবাড়ি বা ফ্লোরিডার বাড়িতে যাইনি। আমি কখনো কাউকে ভুক্তভোগী বানাইনি। তিনি হয়তো একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু আমার কখনোই সে ব্যাপারে আগ্রহ ছিল না। আমি তাতে সাড়াও দিইনি।’

গেটস তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আমি জানতে পারি, এপস্টিন আমার ব্যক্তিগত জীবনের কিছু সংবেদনশীল তথ্য জেনে গেছেন। এর মধ্যে ছিল আমার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত না থাকার বিষয়টি। এই পরকীয়া আর এপস্টিনের সঙ্গে আমার মেলামেশার কোনো সম্পর্ক ছিল না। তবে এগুলো আমার পরিবারের জন্য কষ্টদায়ক ছিল।’

গেটস বলেন, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাজাপ্রাপ্ত এই প্রয়াত যৌন অপরাধী তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বিশ্ব স্বাস্থ্যের জন্য শত কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারবেন।

আইনপ্রণেতাদের মাইক্রসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, ‘আমার মনে আছে, আমি জানতাম এপস্টিন আগে আইনি ঝামেলার মুখে পড়েছিলেন। কিন্তু তাঁর সেই অপরাধের মাত্রা আমি পুরোপুরি বুঝতে পারিনি। যেভাবে আমার খোঁজখবর নেওয়া উচিত ছিল, তা না করেই আমি এই পরিচয়টা মেনে নিয়েছিলাম।’

বিল গেটস কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টিনের সঙ্গে তাঁর মেলামেশাকে ‘সীমিত’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ২০১৪ সালের ডিসেম্বরে তাঁদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

জিজ্ঞাসাবাদে বিরতির এক ফাঁকে গেটসের সাক্ষ্য সম্পর্কে ডেমোক্রেটিক প্রতিনিধি মেলানি স্ট্যানসবারি বলেন, ‘তিনি স্বীকার করেছেন, তিনি এপস্টিনের সুনাম বা কুখ্যাতি সম্পর্কে জানতেন। তিনি স্বীকার করেছেন, তিনি জানতেন এপস্টিন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত, তাঁর নিজের ভাষায়, তিনি ধনী দাতাদের কাছে পৌঁছানোর গ্রহণযোগ্য একটি মাধ্যম হিসেবে এই সীমিত সম্পর্ক রেখেছিলেন।’

মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা তাঁর সাক্ষ্যে আরও অভিযোগ করেন, তাঁদের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর এপস্টিন তাঁর পরকীয়া সম্পর্কে যা জানতেন, তাতে আরও অনেক মিথ্যা যোগ করে তাঁর সঙ্গে আবার যোগাযোগ শুরু করতে তাঁর ওপর চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

গেটস লিখিত বক্তব্যে বলেন, ‘এপস্টিন এই চেষ্টায় সফল হননি। তবে কীভাবে তিনি তাঁর নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমার সঙ্গে তাঁর মেলামেশাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, এখান থেকে সেটি বোঝা যায়। প্রথমত এপস্টিনের সঙ্গে আমার দেখাই করা উচিত হয়নি।’

বিল গেটস আইনপ্রণেতাদের বলেন, এপস্টিনের সঙ্গে দেখা করাটা ছিল তাঁর পক্ষ থেকে ‘মারাত্মক এক ভুল’।

চলতি বছর কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের ফাইলগুলো প্রকাশের পর তাঁর সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই রুদ্ধদ্বার কক্ষে গেটসের এই সাক্ষ্য নেওয়া হলো। এটি ছিল কমিটির ১৫তম সাক্ষাৎকার। ক্যাপিটল হিলে গেটসের সশরীরে উপস্থিতি ছিল কংগ্রেসের তদন্তকারীদের সামনে এযাবৎকালের অন্যতম হাই-প্রোফাইল উপস্থিতি।

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে হাউস ওভারসাইট কমিটির শুনানিতে অংশগ্রহণ শেষে ক্যাপিটল হিল ত্যাগ করছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ১০ জুন ২০২৬, ওয়াশিংটন
ছবি: এএফপি

রুদ্ধদ্বার কক্ষে কয়েক ঘণ্টা কাটানোর পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা সাংবাদিক ও বিক্ষোভকারীদের ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে যান। তিনি গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে পরে এক বিবৃতিতে বলেন, তিনি ‘আজ (বুধবার) হাউস ওভারসাইট কমিটির সঙ্গে দেখা করার এবং তাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত।’

গেটস আরও বলেন, ‘আমি সব ফাইল প্রকাশের বিষয়টিকে সমর্থন করি। আশা করি, আমার এই অংশগ্রহণ ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’

গেটস সাক্ষ্য দিতে আসার আগে হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার সিএনএনকে বলেছিলেন, এই সাক্ষাৎকারে প্রশ্নের পরিধির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না। যেকোনো বিষয়ই আলোচনার টেবিলে আসতে পারে।

কেনটাকির এই রিপাবলিকান সদস্য উল্লেখ করেন, গেটস হয়তো সাক্ষ্য দেওয়ার জন্য ‘আগ্রহী’ ছিলেন না। তবে তিনি কথা বলতে ‘রাজি’ ছিলেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গেটসের আইনজীবী আইনপ্রণেতাদের জানান, তাঁর মক্কেল তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এমন কোনো প্রশ্নের উত্তর দেবেন না, যা এপস্টিন মামলার সঙ্গে সম্পর্কিত নয়। কক্ষে উপস্থিত একজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া সাক্ষাৎকারের সময় গেটসকে ‘কিছুটা আক্রমণাত্মক’ তবে ‘সহযোগিতাপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘তিনি কিছু বিষয়ে আপত্তি জানাচ্ছেন। আমার মনে হয়, আপনারা ট্রান্সক্রিপ্টেই (অনুলিপিতে) তা দেখতে পাবেন। তবে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন।’

মার্কিন বিচার বিভাগ তাদের মামলার ফাইল থেকে যেসব ভিডিও বা ছবি প্রকাশ করেছে, তাতে এপস্টিনের বলয়ে থাকা অনেক প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে, যাঁদের মধ্যে হাওয়ার্ড লুটনিক থেকে শুরু করে বিল ক্লিনটন, গেটসসহ অনেকে আছেন।

কোমার বুধবার সাংবাদিকদের বলেন, তিনি আগামী জুলাই মাসে অ্যালান ডারশোভিৎজ ও ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চসহ আরও অনেক হাইপ্রোফাইল ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকার পরিকল্পনা করছেন।

নজরদারিতে গেটস–এপস্টিনের সম্পর্ক

প্রকাশিত নথিপত্রগুলোর একটি অংশে কিছু যাচাই না করা আপত্তিকর অভিযোগ এবং গেটস ও এপস্টিনের মধ্যে দাতব্য কাজের সমন্বয়ের এমন কিছু বিবরণ প্রকাশ পাওয়ার পর ওভারসাইট কমিটি গেটসকে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নেয়।

আগের প্রকাশিত নথিপত্রে সবচেয়ে বিস্ফোরক অংশ ছিল দুটি খসড়া ই–ইমেইল, যা এপস্টিন নিজেই ২০১৩ সালের জুলাইয়ে লিখেছিলেন বলে মনে হয়। কোনো কাটছাঁট ছাড়া লেখা এসব নোটে এপস্টিন দাবি করেছেন, তিনি গেটসের জন্য যৌন মিলনের ব্যবস্থা করেছিলেন। যৌনবাহিত একটি সংক্রমণ (এসটিডি) স্ত্রীর কাছ থেকে লুকাতে গেটসকে তিনি ওষুধ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। তবে এই ই–মেইলের লেখায় ভুলে ভরা বানান আর এপস্টিনের ক্ষোভের বিষয়টি ফুটে উঠেছে।

এপস্টিনের ই–মেইল অ্যাকাউন্টে সংরক্ষিত ২০১৩ সালের এই খসড়া লেখাটি কে লিখেছিল বা সেগুলো কখনো গেটসকে পাঠানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। তবে সেগুলো এপস্টিন নিজেই নিজেকে পাঠিয়েছিলেন। ই–মেইলগুলো সেই সময়ে তাঁদের বন্ধুত্বের ফাটল ধরার ইঙ্গিত দেয়। তারপরও ওই সময়েও তাঁদের মধ্যে বৈঠক ও ই–মেইল আদান-প্রদান অব্যাহত ছিল।

একটি ই–মেইলে এপস্টিন দাবি করেন, তিনি গেটসকে ওষুধ পেতে সাহায্য করেছিলেন যাতে ‘রুশ তরুণীদের সঙ্গে যৌন সম্পর্কের কারণে কোনো সংক্রমণ না হয়’ এবং ‘বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ গোপন সাক্ষাতের’ বিষয়গুলো সামাল দেওয়া যায়। ই–মেইলে ব্রিজ টুর্নামেন্টের জন্য গেটস এপস্টিনের কাছে অ্যাডেরাল ওষুধ চেয়েছিলেন বলেও উল্লেখ রয়েছে।

অন্য খসড়া ই–মেইলটিতে অভিযোগ করা হয়েছে, গেটস কাঁদো কাঁদো হয়ে এপস্টিনকে যৌনবাহিত সংক্রমণসংক্রান্ত বার্তাগুলো মুছে ফেলতে বলেছিলেন। সেসব বার্তায় লেখা ছিল, ‘আপনার অনুরোধ অনুযায়ী আমি আপনাকে অ্যান্টিবায়োটিক সরবরাহ করব, যা আপনি গোপনে মেলিন্ডাকে দিতে পারেন।’ এর বাইরে আরও স্পর্শকাতর কিছু ই–মেইল বার্তা ছিল।

খসড়া ই–মেইলে থাকা এসব অভিযোগ যাচাই করা হয়নি। এর কোনো প্রমাণও মেলেনি। এই বার্তা কখনো গেটস বা অন্য কারও সঙ্গে শেয়ার করা হয়েছিল এমন কোনো ইঙ্গিত নেই। এপস্টিনের সঙ্গে সম্পর্কিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গেটসকে অভিযুক্ত করা হয়নি।

হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটদলীয় সদস্য রবার্ট গার্সিয়া রুদ্ধদ্বার কক্ষে বিল গেটসকে জিজ্ঞাসাবাদ করার আগে ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ১০ জুন ২০২৬, ওয়াশিংটন
ছবি: এএফপি

ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া সাংবাদিকদের বলেন, ‘রুদ্ধদ্বার সাক্ষাৎকারের সময় গেটসকে এসব খসড়া ই–মেইল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যার মধ্যে যৌনবাহিত সংক্রমণ (এসটিডি) সংক্রান্ত ই–মেইলও ছিল। গেটসের সাক্ষ্য সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, তিনি এসটিডির অভিযোগ নাকচ করে দিয়েছেন।

গার্সিয়া উল্লেখ করেন, গেটস সাক্ষ্যে বলেছেন, ‘তিনি মনে করেন এপস্টিন নিজেই নিজেকে ই–মেইল লিখতেন এবং এমন সব কথা বলতেন, যা সত্য নয় বা ঘটেনি।’

কমিটির ডেমোক্র্যাট সদস্য আরও বলেন, গেটস ‘খুব স্পষ্টভাবে জানিয়েছেন, এপস্টিন তাঁকে কখনোই কোনো নারী, মেয়ে বা অপ্রাপ্তবয়স্ক কারও সঙ্গে পরিচয় করিয়ে দেননি। তিনি একাধিকবার এই বিষয় স্পষ্ট করেছেন, তবে এসব ই–মেইল নিয়ে তাঁকে আরও প্রশ্নের মুখোমুখি হতে হবে।’

গেটস এর আগে এসব দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছিলেন। তাঁর এক প্রতিনিধি সিএনএনকে বলেছিলেন, ‘এসব দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং পুরোপুরি মিথ্যা। এসব নথি কেবল এটাই প্রমাণ করে, গেটসের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক না থাকায় এপস্টিন কতটা হতাশ ছিলেন এবং ফাঁদে ফেলার ও মানহানি করার জন্য তিনি কতদূর যেতে পারতেন।’

মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথিতে গেটসের নাম আছে এমন শত শত পৃষ্ঠা রয়েছে। এসবের মধ্যে রয়েছে বৈঠকের সময়সূচি, খাবার, প্রস্তাবিত ফোন কল ও গেটসের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে এপস্টিনের নানা প্রচেষ্টার বিস্তারিত বিবরণ–সম্বলিত অসংখ্য ই–মেইল।

গেটসের সঙ্গে নথিবদ্ধ সব যোগাযোগই ঘটেছিল ২০০৮ সালে পতিতাবৃত্তিসংক্রান্ত অপরাধে এপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার পরে—তা ২০১০ সালের রাতের খাবার হোক বা ২০১২ সালের আগস্টে নরওয়ের বৈঠকই হোক।

২০১৪ সালের ডিসেম্বরে এপস্টিনকে বিল গেটস লিখেছিলেন, ‘আমি প্রাতরাশ খুব উপভোগ করেছি।’

এপস্টিন জবাবে আংশিকভাবে লিখেছিলেন, ‘যথারীতি সবাই আপনাকে খুব পছন্দ করেছে’ এবং শেষে গেটসকে তাঁর ব্যক্তিগত দ্বীপে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে গেটস সব সময় দাবি করে এসেছেন, তিনি কখনো সেখানে যাননি। গেটস সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এমন কোনো ইঙ্গিত নেই।

ক্যাপিটল হিলে গেটসের উপস্থিতির আগে হাউস ওভারসাইট প্যানেলের শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেছিলেন, এই প্রয়াত যৌন অপরাধী দোষী সাব্যস্ত হওয়ার পরও গেটস তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন, এটি ‘খুবই উদ্বেগজনক’।