হুয়াংয়ের সঙ্গে অতি মাখামাখির কারণে কি বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বৈঠক। ২ সেপ্টেম্বর ২০২৬, নর্থ ক্যারোলাইনাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনসেন হুয়াংয়ের স্মৃতি অনুযায়ী, প্রথম ফোনকলটি এসেছিল হাওয়ার্ড লুটনিকের কাছ থেকে।

সময়টা ছিল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিক। তখন লুটনিক বাণিজ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এনভিডিয়ার প্রধানের প্রতি তাঁর বার্তাটি ছিল খুব সহজ, ‘যখনই প্রেসিডেন্টকে প্রয়োজন হবে, আমাদের ফোন করবেন।’

গত ডিসেম্বরে জো রোগানের পডকাস্টে সেই ফোনের কথা স্মরণ করে হুয়াং বেশ আবেগের সঙ্গে বলেছিলেন, লুটনিক তাঁকে এবং তাঁর প্রতিষ্ঠানকে ‘জাতীয় সম্পদ’ বলে অভিহিত করেছিলেন।

দুই বছর পর হুয়াং এনভিডিয়া থেকে পদত্যাগ করেছেন। চীনে মার্কিন চিপ রপ্তানিতে বিধিনিষেধ শিথিল করা ও হুয়াংকে প্রশাসনের শীর্ষ মিত্র হিসেবে গড়ে তোলার ভূমিকার জন্য লুটনিক কঠোর নজরদারির মুখে পড়েছেন। প্রশাসনের অন্যান্য কর্মকর্তা লুটনিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, চীনে গোপনে চিপ পাচারের সন্দেহে থাকা এনভিডিয়ার একটি গ্রাহক প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করতে ব্যর্থ হয়ে তিনি অভ্যন্তরীণ ঐকমত্য এবং খোদ ট্রাম্পের নির্দেশনা অমান্য করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী। ৮ অক্টোবর ২০২৬, ওয়াশিংটন
ছবি: রয়টার্স

এসব আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘটনায় সৃষ্ট অস্থিরতার মধ্যে ট্রাম্পের কিছু উপদেষ্টা লুটনিককে বরখাস্ত করা উচিত কি না, তা নিয়ে আলোচনা শুরু করেছেন। অবশ্য ট্রাম্প বলে দিয়েছেন, এনভিডিয়া ইস্যুতে তিনি লুটনিককে প্রশাসন থেকে সরিয়ে দিচ্ছেন না।

প্রশাসনের একাধিক কর্মকর্তা এবং প্রযুক্তিশিল্পের এক ডজনের বেশি সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। তাঁরা বলেছেন, কীভাবে দ্রুত গভীর হতে থাকা একটি সম্পর্ক বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তির প্রতি হোয়াইট হাউসের প্রায় সব ধরনের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে শুরু করেছিল।

চীনের প্রযুক্তিশিল্পের কেন্দ্রস্থল শেনজেনে চলতি সপ্তাহে চীনের নেতা সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রস্তুতির মধ্যেও এই কেলেঙ্কারি এবং চীনে উন্নত চিপ বিক্রি সীমিত করার নতুন প্রচেষ্টা নিয়ে আলোচনা অব্যাহত থাকতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন, তাঁদের মনে হয় না, সির কাছে ট্রাম্প কথিত গুপ্তচরবৃত্তির বিষয়টি তুলবেন। চিপের প্রবেশাধিকারে ওয়াশিংটন বিধিনিষেধ কঠোর করবে কি না, সে বিষয়ে চীনের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে না।

‘এনভিডিয়া আবার কী জিনিস’

গত বছর ট্রাম্পের শপথ গ্রহণের কিছুদিন আগপর্যন্তও ট্রাম্পের জগতের প্রায় অচেনা একজন মানুষ ছিলেন জেনসেন হুয়াং। মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোসের মতো প্রযুক্তিজগতের অন্য মহারথীরা যখন ক্যাপিটল রোটুন্ডার সামনের সারিতে জায়গা করে নিয়েছিলেন, হুয়াং তখন শপথ অনুষ্ঠান এড়িয়ে এশিয়ায় কর্মীদের সঙ্গে চন্দ্র নববর্ষ উদ্‌যাপন করেছিলেন।

ট্রাম্পের নিজের ভাষ্যমতে, তিনি এনভিডিয়া বা এর সিইও সম্পর্কে খুব কমই শুনেছিলেন। কয়েক মাস পর তিনি স্মরণ করে বলেন, ‘তাঁর নাম কী? এনভিডিয়া আবার কী জিনিস? আমি আগে কখনো এর নাম শুনিনি।’

তবে ট্রাম্পের এই অজ্ঞতা বেশি দিন স্থায়ী হয়নি। দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার ১১ দিন পর ট্রাম্প হোয়াইট হাউসে হুয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সেদিন হুয়াং বাণিজ্যমন্ত্রী লুটনিকের সঙ্গেও দেখা করেন। অবশ্য তখনো তিনি বাণিজ্যমন্ত্রী হননি। সেদিন বিকেলে ওভাল অফিসে ক্যামেরার সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প সম্প্রতি পরিচিত হওয়া এই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

ভালো একটি বৈঠক হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি (হুয়াং) একজন চমৎকার ভদ্রলোক। আমি আগে তাঁর সঙ্গে পরিচিত ছিলাম না। চিপের দিক থেকে তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিত্ব।’

পরবর্তী দুই বছরে নৈশভোজ, ফোনকল এবং অসংখ্য বৈঠকের মাধ্যমে তাঁদের দুজনের এই সম্পর্ক আরও গভীর হয়। প্রতিটি পদক্ষেপে সহায়তা করেছিলেন বাণিজ্যমন্ত্রী লুটনিক। এই লুটনিক এনভিডিয়ার প্রধানের পরিচিতি বৃদ্ধি করতে সাহায্য করেছিলেন। তাঁর সংস্থার মূল দায়িত্বই হলো সংবেদনশীল মার্কিন প্রযুক্তি প্রতিপক্ষের হাত থেকে দূরে রাখা।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক
ছবি: রয়টার্স

তদন্তের মুখে লুটনিক

দুই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর হুয়াং পদত্যাগ করেন। এরপরই লুটনিকের সমালোচকেরা সক্রিয় হয়ে ওঠেন। ট্রাম্পের ওপর হুয়াংয়ের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন প্রশাসনের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বলেছেন, গোপনে চীনে চিপ পাচারের সন্দেহে থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধে বাণিজ্য বিভাগ কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

গত শুক্রবার সিএনবিসিতে কথা বলার সময় অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পেন্টাগন এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিসহ ট্রাম্প প্রশাসনের একটি বড় অংশ কেলেঙ্কারির কেন্দ্রে থাকা ‘মেগাস্পিড’ নামক কোম্পানিটিকে রপ্তানি কালোতালিকায় রাখার পক্ষে ছিল। কিন্তু লুটনিকের নেতৃত্বাধীন বাণিজ্য বিভাগই এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

বেসেন্ট বলেন, ‘বাণিজ্য বিভাগের হাতেই চূড়ান্ত সিদ্ধান্তের কলম ছিল। অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে আপনাদের তাদেরই জিজ্ঞাসা করতে হবে।’

ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পার্টির কংগ্রেস সদস্যরাই লুটনিকের কাছে জানতে চেয়েছেন তিনি কী জানতেন এবং কখন জেনেছেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা লুটনিককে চিঠি লিখে জানতে চেয়েছেন, তিনি ও তাঁর রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান জেফরি কেসলার মেগাস্পিড সম্পর্কে কী জানতেন এবং কখন জেনেছেন। সিনেট ডেমোক্র্যাটরা এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানি–সংক্রান্ত নথিপত্র, যোগাযোগ এবং রেকর্ড সংরক্ষণ করতে লুটনিককে নির্দেশ দিয়েছেন।

আগামী বছর বাণিজ্য বিভাগের তদারকি ক্ষমতাপ্রাপ্ত কমিটির সম্ভাব্য চেয়ারম্যান সিনেটর মারিয়া ক্যান্টওয়েল গত রোববার লুটনিককে লেখা এক চিঠিতে বলেন, রপ্তানি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রশাসনকে ‘অবশ্যই জবাবদিহি করতে হবে’ এবং ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল প্রযুক্তি যাতে আমাদের প্রতিপক্ষদের শক্তিশালী করতে না পারে, সে জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’

আর কিছু ডেমোক্র্যাট লুটনিকের সমালোচনায় আরও এক ধাপ এগিয়ে গেছেন।

গত রোববার এবিসি নিউজে এক সাক্ষাৎকারে সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ‘আমি মনে করি, তাঁকে বরখাস্ত করা উচিত।’

বাণিজ্য বিভাগের তহবিল তদারককারী সিনেট উপকমিটির শীর্ষ ডেমোক্র্যাট ভ্যান হোলেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে রয়েছেন।

বৃহস্পতিবার ফক্স নিউজে ট্রাম্পের মিত্র সিনেটর জিম ব্যাংকস বলেন, ‘এই খবরটি অত্যন্ত উদ্বেগজনক। আপনি যখন অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকেন, তখন আপনি তাদের আপনার সেরা প্রযুক্তিগুলো দেন না। সে জন্যই কংগ্রেস সদস্যরা দুই বছর ধরে চীনে আমাদের উচ্চমানের কম্পিউটার চিপ রপ্তানি বন্ধ করার জন্য কঠোর চাপ দিয়ে আসছেন।’

হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, ট্রাম্প ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে রূপান্তরকারী বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে লুটনিকের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন।’

ট্রাম্পের চীন সফরে লুটনিকের যোগ দেওয়ার কথা ছিল। এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যেও সেই পরিকল্পনায় কোনো পরিবর্তন এসেছে বলে কর্মকর্তারা জানাননি।

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পেছনে অ্যালিস হুয়াং। ৭ জুন ২০২৪, তাইপে
ছবি: রয়টার্স

গভীর হতে থাকা সম্পর্ক

বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তির মতে, ওভাল অফিসে হুয়াংয়ের প্রথম বৈঠকের কয়েক মাস পর মার-এ-লাগোতে মাথাপিছু ১০ লাখ ডলারের একটি ‘ম্যাগা ইনকরপোরেটেড’ নৈশভোজে হুয়াংয়ের অংশগ্রহণের ব্যবস্থা করতে লুটনিক ভূমিকা রেখেছিলেন। এপ্রিলের সেই নৈশভোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

চীনের গ্রাহকদের কাছে এনভিডিয়ার এইচ২০ চিপ বিক্রির ওপর পরিকল্পিত বিধিনিষেধের বিরুদ্ধে চূড়ান্ত আবেদন জানাতে হুয়াং ওই সুযোগ ব্যবহার করেন। ট্রাম্প তাঁর নতুন এবং অঢেল সম্পদশালী এই বন্ধুর প্রতি মুগ্ধ হয়ে সেখান থেকে ফেরেন।

পাম বিচের নৈশভোজে হুয়াংয়ের এই মন জয় করার কৌশল কাজে দিয়েছে বলেই মনে হয়েছিল। তবে তা খুব অল্প সময়ের জন্য। হোয়াইট হাউস পরিকল্পিত বিধিনিষেধগুলো স্থগিত করার পদক্ষেপ নেয়। কিন্তু চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এনভিডিয়া পরে জানায়, সরকার তাদের বলেছে, চীনে এইচ২০ বিক্রির জন্য লাইসেন্স লাগবে। এই নিয়ম অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে।

হুয়াং চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ২০২৫ সালের এপ্রিলের শেষে ‘ইনভেস্টিং ইন আমেরিকা’ অনুষ্ঠানে ক্রস হলে লুটনিক ও হুয়াংকে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। ট্রাম্প সেই মুহূর্তটিকে স্নেহ দেখানোর মঞ্চে পরিণত করেন। ট্রাম্প বলেন, ‘আমি জেনসেনকে দিয়ে দর–কষাকষি করাতে পারতাম। তিনি আমার লোকদের তাক লাগিয়ে দিতেন। এমনকি লুটনিক হাওয়ার্ডও তা স্বীকার করবেন।’

দর্শকসারিতে বসে থাকা লুটনিক দ্রুতই সম্মতি জানিয়ে বলেন, ‘আমরা তাঁকে নেব।’

জুলাইয়ের মধ্যে হুয়াং আবারও ওভাল অফিসে ফিরে আসেন। এবার তাঁর প্রস্তাবটি ছিল ট্রাম্পের মনমতো সাজানো। তিনি যুক্তি দেন, চীনে চিপ বিক্রি করলে মার্কিনদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মার্কিন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিশ্বমান হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি মে মাসে প্রকাশ্যে বলেছিলেন, এই নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়ার ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারের বিক্রি কমে গেছে।

ওভাল অফিসে হুয়াংয়ের সঙ্গে ছিলেন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা যাঁরা হুয়াংয়ের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছিলেন। তাঁরা হলেন লুটনিক ও হোয়াইট হাউসের এআই উপদেষ্টা ডেভিড স্যাকস। ‘মার্কিন এআই প্রযুক্তি বিদেশে রপ্তানির’ পক্ষে ছিলেন স্যাকস। তাঁর কথা হচ্ছে, এইচ২০-এর মতো পুরোনো চিপ বিদেশে বিক্রি করলে বিশ্ব মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবে।

পাঁচ দিন পর এনভিডিয়া ঘোষণা দেয়, সরকার তাদের আশ্বস্ত করেছে, তারা চীনে এইচ২০ বিক্রি করার অনুমতি পাবে। হুয়াং যখন বিক্রি আবার শুরুর কথা বলেন, তখন তিনি বেইজিংয়ে ছিলেন। পরের দিন লুটনিক সিএনবিসিতে এসে এই সিদ্ধান্তকে চীনকে ‘মার্কিন প্রযুক্তির প্রতি আসক্ত’ করার উপায় হিসেবে ব্যাখ্যা করেন।

আগস্টে এইচ২০ চুক্তিটি চূড়ান্ত হয় এবং হোয়াইট হাউসে মুখোমুখি বসে প্রেসিডেন্ট নিজেই সরাসরি হুয়াংয়ের সঙ্গে এটি নিয়ে দর–কষাকষি করেন। লুটনিকের সংস্থা অবিলম্বে এইচ২০ লাইসেন্স ইস্যু করার পদক্ষেপ নেয়। ট্রাম্প পরে প্রকাশ্যে সেই সমঝোতার কথা নিশ্চিত করেন, যার ফলে এইচ২০ বিক্রি সম্ভব হয়েছিল। এনভিডিয়া চীনে চিপ বিক্রি থেকে আয়ের ১৫ শতাংশ সরকারকে দেবে।

শরৎজুড়ে হুয়াং প্রেসিডেন্টের আরও কাছাকাছি চলে আসেন। ট্রাম্প নানা বক্তব্যে নিয়মিতভাবেই স্বতঃস্ফূর্তভাবে হুয়াংয়ের কথা বলতেন। অক্টোবরে ট্রাম্প সান ফ্রান্সিসকোতে ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানোর বিষয়ে হুয়াং, মার্ক বেনিওফ এবং অন্যান্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেন। পরদিন সেই আলোচনার উদ্ধৃতি দিয়ে পরিকল্পনাটি বাতিল করেন।

এ বিষয়ের সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানান, ওই একই মাসে ট্রাম্প যখন দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এনভিডিয়া ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে ২ কোটি ৫০ লাখ ডলার অনুদান দেয়। তবে প্রকাশিত দাতাদের তালিকায় এনভিডিয়ার নাম কখনো আসেনি।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী। ১৪ মে ২০২৬, গ্রেট হল, চীন
ছবি: এএফপি

সতর্কবার্তা

২০২৫ সালের গ্রীষ্মে যখন ট্রাম্প এবং হুয়াং আরও ঘনিষ্ঠ হচ্ছিলেন, তখন একটি ফোনকল আরও বড় কিছুর জট খুলতে শুরু করে। সিঙ্গাপুর পুলিশ ‘মেগাস্পিড’ নামক একটি ক্লাউড কোম্পানির বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করেছে। কর্তৃপক্ষ তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে ২০২৪ সালের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়ার একটি অনুষ্ঠানে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সে বছরের জুনে তাইপেতে এক বাণিজ্য মেলায় দুজনকে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়।

বৈঠকের সঙ্গে পরিচিত সূত্রগুলো জানায়, ২০২৫ সালের শেষে ক্যাপিটল হিলে কংগ্রেস সদস্যদের সঙ্গে এক ব্রিফিংয়ে ফেডারেল এজেন্টরা জানান, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাঁরা সন্দেহ করছেন জেনসেন হুয়াং ‘কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু’ হয়েছেন।

সূত্রগুলোর মতে, ওই ব্রিফিংয়ের মূল বিষয় ছিল মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ এড়িয়ে যাওয়া এবং চীনে নির্দিষ্ট কিছু এনভিডিয়া চিপ পাঠানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিকে প্রভাবিত করার চেষ্টার তদন্ত।

একটি সূত্র জানায়, পাল্টা গোয়েন্দা তদন্ত পরিচালনাকারী এফবিআই গত বছর কংগ্রেস সদস্যদের বলেছিল, চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক থেকে রাতারাতি চীনের অর্থনীতিতে অস্বাভাবিক ক্রয়ক্ষমতাসম্পন্ন একজন ব্যবসায়ী হয়ে ওঠা অ্যালিস হুয়াংয়ের এই পেশাগত পরিবর্তন নিয়ে তাদের বিশেষ সন্দেহ রয়েছে।

সিএনএন আগে জানিয়েছিল, ২০২৫ সালের শেষের দিকে ট্রাম্প নিজেও অ্যালিস হুয়াং সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়েছিলেন। তবে কোনো পদক্ষেপ নেননি তিনি। তদন্ত এখনো চলছে।

বাণিজ্য বিভাগ ২০২৪ সাল থেকে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছিল। প্রতিষ্ঠানটি মার্কিন রপ্তানি নিয়ম লঙ্ঘন করেছে কি না, কোম্পানিটিকে রপ্তানির কালোতালিকাভুক্ত করতে বিলম্ব হল কেন এসব তদন্ত চলছে। এ বিষয় সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা বলেছেন, এই বিলম্বের কারণে পররাষ্ট্র দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদসহ প্রশাসনের অন্যান্য অংশে হতাশা তৈরি হয়েছিল।

সিনেট গোয়েন্দা কমিটির চেয়ারম্যান, আরকানসাসের রিপাবলিকান সদস্য টম কটন বিষয়টি লক্ষ করেন এবং দ্রুত মেগাস্পিডের বিরুদ্ধে তদন্তের জন্য লুটনিককে সরাসরি অনুরোধ পাঠান। পর্দার আড়ালে অন্যান্য জাতীয় নিরাপত্তা সংস্থার নির্বাহী শাখার কর্মকর্তারাও তদন্ত এবং বাণিজ্য বিভাগের কালোতালিকাভুক্ত করার জন্য মেগাস্পিডকে স্পষ্ট লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরছিলেন।

কিন্তু বাণিজ্য বিভাগ কোনো কার্যকর সাড়া দেয়নি। এসব আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, বৈঠকগুলোতে যখনই এই বিষয়টি উঠত, লুটনিকের সহকারীরা কর্মকর্তাদের কেবল এটুকুই বলতেন, এটি লুটনিকের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।

গত শুক্রবার সিএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে বেসেন্ট ইঙ্গিত দেন, এই নিষ্ক্রিয়তা খোদ ট্রাম্পের দেওয়া নির্দেশনা লঙ্ঘন করেছে।

পুরোনো প্রজন্মের ডেটাসেন্টার চিপের কথা উল্লেখ করে বেসেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন খুব স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, চীনের এইচ১০০-এর চেয়ে উন্নত কোনো এনভিডিয়া চিপ পাওয়া উচিত নয়, তখন এমন ঘটনায় আমি হতাশ। তাই যেকোনো ধরনের চিপ পাচার অত্যন্ত হতাশাজনক। কারণ, এটি এআই প্রতিযোগিতায় আমাদের বড় কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করবে এবং চীনাদের সুবিধা দেবে।’

গত মে মাসে রাষ্ট্রীয় সফরে ট্রাম্প যখন চীন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ১১ মে ঘোষিত প্রতিনিধিদলে প্রাথমিকভাবে হুয়াংয়ের নাম ছিল না।

পরের দিন ট্রাম্প হুয়াংকে ফোন করে আমন্ত্রণ জানান। সেদিন বিকেলে ইলন মাস্ক এবং শন হ্যানিটির সঙ্গে এয়ারফোর্স ওয়ানে করে অ্যাঙ্কোরেজে যাওয়ার সময় ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকে হুয়াং এবং চীনকে ঘিরে থাকা কিছু উদ্বেগের বিষয়ে ব্রিফিং পান।

আলাস্কায় যাত্রাবিরতির সময় হুয়াং বেইজিংগামী শেষ ফ্লাইটে উড়োজাহাজে ওঠেন।

১৪ মে গ্রেট হল অব দ্য পিপলে সি চিন পিং ট্রাম্পকে স্বাগত জানান এবং হোয়াইট হাউসের তালিকায় স্বাগত অনুষ্ঠানে উপস্থিত নির্বাহীদের মধ্যে কেবল মাস্ক, হুয়াং এবং অ্যাপলের টিম কুকের নাম ছিল। হুয়াং এটিকে ‘মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন’ বলে অভিহিত করেন।

পরবর্তী মাসগুলোয় হুয়াংকে নিয়ে ট্রাম্প বা লুটনিকের মধ্যে কোনো উদ্বেগ ছিল বলে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ট্রাম্প ওভাল অফিসে তার প্রশংসা করেছেন। সেপ্টেম্বরে নর্থ ক্যারোলাইনায় জি-২০ সেশন সঞ্চালনা করার সময় লুটনিক তাঁকে ‘আমেরিকার সম্পদ’ বলে অভিহিত করেন।

সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে এক শীর্ষ সম্মেলনে মঞ্চে থাকা অবস্থায় হুয়াং ট্রাম্পের ফোন রিসিভ করেন এবং তাঁকে স্পিকারফোনে রাখেন। ট্রাম্প এআইয়ের আধিপত্যের ভয়কে ‘ধোঁকাবাজি’ বলে উল্লেখ করেন, ডেটাসেন্টারগুলোকে ‘আগামী ২০-২৫ বছরের তেল’ বলে অভিহিত করেন এবং বলেন, এর বিরোধিতা করার অর্থ চীনের হাতকেই শক্তিশালী করা।

১০ দিন পর হুয়াং এবং তাঁর স্ত্রী চীনের নেতা সি চিন পিংয়ের সম্মানে ট্রাম্পের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিতে হোয়াইট হাউসে যান। তাঁদের দুই নেতা এবং তাঁদের স্ত্রীদের সঙ্গে টেবিলে বসানো হয়েছিল।

বহুল আলোচিত সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেগাস্পিডের লোগো
ছবি: এএফপি

হিসাব-নিকাশের সময়

এক মাসের কম সময় পরে প্রথম বড় বোমাটি ফাটে। মার্কিন কর্মকর্তারা সিদ্ধান্তে পৌঁছালেন, অ্যালিস হুয়াং একজন চীনা গোয়েন্দা এজেন্ট। তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। সিএনএন পরে জানায়, মার্কিন গোয়েন্দারা এখনো অ্যালিস হুয়াং এবং চীন সরকারের মধ্যকার সম্পর্ক বোঝার চেষ্টা করছেন।

একাধিক সূত্র সিএনএনকে বলেন, অ্যালিসের সম্পর্কে এখন পর্যন্ত সংগৃহীত গোয়েন্দা তথ্য এটি প্রমাণ করে না, তিনি বেইজিংয়ের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প তাঁর বন্ধুকে বিপদের মুখে একা ছেড়ে দেবেন না। হুয়াংয়ের সমস্যা ছিল এনভিডিয়ার সমস্যা, এনভিডিয়ার সমস্যা ছিল অর্থনীতির সমস্যা, আর সেটিই প্রেসিডেন্টের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ট্রাম্প হুয়াংকে ‘অসাধারণ মেধাবী’ এবং ‘ভিন্ন কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত অত্যন্ত স্বচ্ছ’ বলে অভিহিত করেছিলেন।

কিন্তু রাজনৈতিক পটভূমিও বদলে গিয়েছিল। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে জয়ী হয় এবং ভোটাররা ৪১টি ব্যালট প্রস্তাবের মধ্যে ৪০টিতেই ডেটাসেন্টার প্রকল্প প্রত্যাখ্যান করেন। আগামী জানুয়ারিতে হাউসের তিনটি কমিটি—ফরেন অ্যাফেয়ার্স, ইন্টেলিজেন্স এবং চায়না সিলেক্ট কমিটির রিপাবলিকান চেয়ারম্যানরা আগামী মাসে রুদ্ধদ্বার সাক্ষাৎকারের জন্য হুয়াং এবং এনভিডিয়ার জেনারেল কাউন্সেলকে তলব করেছেন। বাণিজ্য বিভাগে লুটনিকের সহকারী কেসলারকেও আগামী মাসে নির্ধারিত একটি শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে।

রিপাবলিকানরা এখন ট্রাম্পকে নাজুক অবস্থায় ফেলার জন্য লুটনিককে দায়ী করছেন।

বৃহস্পতিবার সিনেটর টম টিলিস সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের জন্য এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরির জন্য লুটনিকের লজ্জা হওয়া উচিত। এর ফলে প্রশ্ন উঠছে, এ রকম আরও কী কী বিষয় আড়ালে রয়ে গেছে।

গত সপ্তাহে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এক বৈঠকের সময় অর্থমন্ত্রী বেসেন্ট বাণিজ্যমন্ত্রী লুটনিকের দিকে ফিরে জিজ্ঞাসা করেন, কেন মেগাস্পিডকে কালোতালিকাভুক্ত করা হয়নি। বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন কয়েকটি সূত্র জানায়, লুটনিক আমতা আমতা করে উত্তর দেন, ‘আমি জানি না। আমি বিষয়টি খতিয়ে দেখব।’